২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে রেলসেতু ধসে দুর্ভোগে হাজারো যাত্রী

ভারতের অর্থনৈতিক রাজধানীখ্যাত মুম্বাইয়ে একটি রেল সেতু ধসে পড়ার পর শহরটির হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 03:50 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পথের অন্যতম ব্যস্ত মুম্বাইয়ের আন্ধেরি স্টেশনে হওয়া মঙ্গলবারের ওই ধসে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সেতু ভেঙে পড়ায় পশ্চিমাঞ্চলীয় রেলের একাংশের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনগুলোতে বাড়ছে যাত্রীদের ভিড়।

পুলিশ এরইমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে; মেরামতের কাজও শুরু হয়েছে।

রেল যোগাযোগ বিঘ্নিত হওয়ায় সড়কের ওপর ব্যাপক চাপ পড়ছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত বিবিসির সাংবাদিক জাহ্নবি মোল।

ট্রেনচালক চন্দ্রশেখর সাওয়ান্ত জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে সেতুটি ধসে পড়ার সময় আন্ধেরি স্টেশনে ট্রেন নিয়ে ঢুকছিলেন তিনি। সেতুটির ভেঙে পড়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি ব্রেক টেনে ধরলে ধ্বংসস্তূপ থেকে মাত্র ২০০ ফুট দূরে এসে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।

চন্দ্রশেখরের ওই তড়িৎ সিদ্ধান্তের কারণে অনেকগুলো জীবন বেঁচে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই ভারতের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছান; তারা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছেন বলেও জানিয়েছে বিবিসি।

বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় চতুর্থ মুম্বাইয়ের ২ কোটি ২০ লাখ বাসিন্দার চলাচলের প্রধান অবলম্বন হচ্ছে স্থানীয় রেল যোগাযোগ ব্যবস্থা। বর্ষার সময়ে ঝুঁকিপূর্ণ অবকাঠামোগুলোও প্রায়ই জনসাধারণকে পরীক্ষায় ফেলে, এ ধরনের পরিস্থিতি তাদের জন্য নতুনও নয়।

গত বছর শহরটির এলফিনস্টোন স্টেশনের একটি পদচারী সেতুতে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছিল। প্রবল বৃষ্টির সময় ঘটা এ ঘটনায় আহতের সংখ্যা ৩০ জনেরও বেশি ছিল। 

প্রবল বর্ষণে শহরের সড়কগুলো প্রায় ‘নদী’তে পরিণত হওয়ায় লাখো মানুষ দুর্ভোগে পড়েছিলেন। কয়েকদিনের মধ্যেই  শহরটির একটি আবাসিক ভবনে ধস আরও ৩০ জন নিহত হয়েছিলেন; পাশাপাশি তুমুল বর্ষণ কেড়ে নিয়েছিল আরও ২০ জনের প্রাণ।