ভারতে নতুন মাতৃকালীন আইনে চাকরি হারাতে পারে ১৮ লাখ নারী
ভারতে কর্মজীবী নারীদের উৎসাহিত করতে নতুন আইনে তাদের মাতৃকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হলেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আইনটির কারণে ভারতের প্রায় ১৮ লাখ নারী চাকরি হারাতে পারেন বলে এক জরিপে উঠে এসেছে।
টিমলিজ সার্ভিসেস লিমিটেড পরিচালিত এ জরিপের প্রতিবেদনে বলা হয়, নতুন আইনের কারণে নারীরা চাকরিহীন হয়ে পড়তে পারেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী ও নতুন উদ্যোগতারা নারীদের কাজে নিতে অনুৎসাহিত হতে পারে।
মঙ্গলবার প্রকাশিত জরিপ প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, চলমান আর্থিক বছরে অর্থাৎ ২০১৯ সালের মার্চ নাগাদ ভারতের ১০টি সেক্টরে কর্মরত ১১ লাখ থেকে ১৮ লাখ নারী চাকরি হারাবেন।
আর যদি ভারতের সব সেক্টরে এ হার বিবেচনা করা হয়, তবে পরবর্তী অর্থ বছর শুরু হওয়ার আগেই দেশটিতে এক কোটি থেকে এক কোটি ২০ লাখ নারী চাকরি হারাবেন।
যদিও ভারতে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা এরই মধ্যে কমতে শুরু করেছে। দেশটিতে ২০১৬ সালে কর্মক্ষেত্রে নারীর সংখ্যা ছিল মাত্র ২৪ শতাংশ। অথচ এক দশক আগেও এই সংখ্যা ছিল ৩৬ শতাংশ।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতে শ্রমবাজার থেকে প্রায় দুই কোটি নারী উধাও হয়েছে গেছে। যা নিউ ইয়র্ক, লন্ডন ও প্যারিসের মোট জনসংখ্যার সমান।
ভারতে শ্রমবাজারে নারীদের সংখ্যা আরও বাড়লে ২০২৫ সাল নাগাদ দেশটির জিডিপি’তে বাড়তি সাতশ’ বিলিয়ন মার্কিন ডলার যোগ করা সম্ভব হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিমান পরিবহন, তথ্য ও প্রযুক্তি ও আইটি সংশ্লিষ্ট সেবা, আবাসন বাণিজ্য, শিক্ষা, ই-বাণিজ্য, পণ্য উৎপাদনকারী, ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী তিনশ কোম্পানির মালিকদের সঙ্গে কথা বলে এই জরিপ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বড় এবং পূর্ণ পেশাদার কোম্পানি যেগুলোতে শক্তিশালী বিনিয়োগ এবং অনেক শ্রমিক কাজ করেন সেগুলোর মালিকরা নতুন এ আইনকে স্বাগত জানালেও ক্ষুদ্র বা মাঝারি আকারের কোম্পানি যারা অপেক্ষাকৃত কম শ্রমিক দিয়ে কাজ করান তারা খরচ বিবেচনায় নারীদের নিয়োগ দেওয়া থেকে বিরত থাকবে।
এ ধরনের কোম্পানিগুলোতে দুই থেকে পাঁচজন নারী এক সময়ে মাতৃত্বকালীন ছুটিতে গেলে সেগুলো অচল হয়ে পড়ার উপক্রম হয়।
