২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর প্রদেশে পিকনিকের পথে বাস চাপায় ৭ শিক্ষার্থী নিহত

ভারতের উত্তর প্রদেশের আগ্রা-লক্ষ্ণৌ মহাসড়কে দ্রুতগামী একটি বাসের নিচে পিষ্ট হয়ে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 12:47 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

সোমবারের এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, খবর এনডিটিভির।

এ দিন ভোরে সান্ত কবীর নগরের ওই শিক্ষার্থীরা পিকনিকের উদ্দেশ্যে একটি বাসে করে আগ্রায় যাচ্ছিল। কনৌজ জেলা পর্যন্ত যাওয়ার পর তাদের বাসের ডিজেল ফুরিয়ে যায়। 

মহাসড়কের মধ্যেই শিক্ষার্থীরা বাসটি থেকে নেমে যায়। বাসের জ্বালানি ভরার অপেক্ষায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে রাজ্য পরিচালিত পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের আঘাত করে।

কিছু শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। অন্যান্যদের হাসপাতালে নেওয়া হয়। এরপর তাদের পরিবারগুলোকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।