২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুত্ববাদ ও সহিষ্ণুতাই ভারতের আত্মা: আরএসএসের অনুষ্ঠানে প্রণব

কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অনুষ্ঠানে গিয়ে প্রবীণ কংগ্রেস নেতা ও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বহুত্ববাদ ও সহিষ্ণুতার ভেতরেই তার দেশের আত্মা লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 12:28 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

ধর্মীয় পরিচয়ে এবং অঞ্চলভেদে ঘৃণা ও অসহিষ্ণুতার বিকাশে সাহায্য করে এমন মতবাদ ভারতকে কেবল দ্বিখণ্ডিতই করবে বলেও মত তার।  

বৃহস্পতিবার সন্ধ্যায় নাগপুরে আরএসএস সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রণব এসব বলেন, জানিয়েছে এনডিটিভি।

“সহিষ্ণুতার ভেতর দিয়েই আমরা শক্তি অর্জন করি। বহুত্ববাদকে আমরা স্বীকার করি, শ্রদ্ধা করি। কোনো মতবাদের আলোকে ধর্ম, অঞ্চল, ঘৃণা ও অসহিষ্ণুতার ভিত্তিতে জাতিস্বত্তাকে পরিচিত করার চেষ্টা আমাদের জাতীয় পরিচয়কে নিস্তেজ করার পথেই নিয়ে যাবে,” বলেন ২০১২ থেকে এক মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা প্রণব।

আরএসএসের নতুন প্রচারকদের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান হিসেবে যাওয়ায় গত বছরের জুলাইতে দায়িত্ব ছাড়া সাবেক এ বাঙালি রাষ্ট্রপতিকে নিয়ে ভারতজুড়ে তোলপাড় চলছে।

প্রায় পাঁচ দশক ধরে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের মতাদর্শকে আঁকড়ে ধরে থাকা প্রণব উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের অনুষ্ঠানে গিয়ে বিজেপির হাতে বড় ধরনের ‘রাজনৈতিক অস্ত্র’ তুলে দিয়েছেন বলে  মত অনেকেরই।

আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে বিজেপিবিরোধী বৃহত্তর জোট গঠনের আগে তার এ অবস্থান কংগ্রেসকে বেকায়দায় ফেলবে বলেও শঙ্কা তাদের। 

আরএসএসকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ‘মতাদর্শিক গুরু’ হিসেবে বিবেচনা করা হয়। কট্টর এ সংগঠনটি ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মকে ব্যবহার করে দেশজুড়ে অসহিষ্ণুতার সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধীসহ বেশিরভাগ বিরোধীদলের শীর্ষ নেতৃত্বের।

প্রণবের নাগপুর সফরের বিরোধিতা করে টুইটারে পোস্ট দিতে শীর্ষ কংগ্রেস নেতাদের সোনিয়া গান্ধী নির্দেশ দিয়েছিলেন বলেও এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। সোনিয়া গত বছরের ডিসেম্বর পর্যন্ত দলের সভাপতির পদে ছিলেন, দলে এখনও তার শক্তিশালী প্রভাব বিদ্যমান।

সোনিয়ার ওই নির্দেশের মধ্যেই বৃহস্পতিবার কংগ্রেসের অন্যতম শীর্ষ কৌশলবিদ আহমেদ পাটেল আরএসএসের অনুষ্ঠানে প্রণবের অংশগ্রহণ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।

“প্রণব দা’র কাছে এটি প্রত্যাশা করিনি আমি,” টুইটারে লেখেন পাটেল।

বাবার আরএসএসের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আপত্তি এসেছে প্রণবের মেয়ে কংগ্রেস সদস্য শর্মিষ্ঠা বিশ্বাসের কাছ থেকেও।

কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের কথা সময়ের সঙ্গে সঙ্গে মুছে গেলেও তার উপস্থিতির ছাপ ঠিকই রয়ে যাবে, মন্তব্য শর্মিষ্ঠার।

রাষ্ট্রপতি হওয়ার আগে কংগ্রেস নেতা মনমোহন সিং নেতৃত্বাধীন দুটি জোট সরকারের মন্ত্রিসভায় প্রভাবশালী পদেও ছিলেন প্রণব। তার প্রতি অন্যান্য দলগুলোর আস্থাকে কাজে লাগিয়ে কংগ্রেস প্রায়ই নানান সংকটে উৎরে গিয়েছিল, এ কারণে সোনিয়া গান্ধীরও বেশ ঘনিষ্ঠ ছিলেন বাঙালি প্রণব।

সাবেক এ শীর্ষ কংগ্রেস নেতার বৃহস্পতিবারের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেও ছিল ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদীতার প্রতি তার পক্ষপাতিত্বের সুর।

“বহুত্ববাদ ও সহিষ্ণুতার ভেতরেই ভারতের আত্মা লুকিয়ে আছে। শতকের পর শতক নানান ধ্যানধারণার সংমিশ্রণে আমাদের সমাজে এই বহুত্ব এসেছে। ধর্মনিরপেক্ষতা ও অন্তর্ভুক্তি আমাদের বিশ্বাসের বিষয়,” বলেন ৮২ বছর বয়সী প্রণব।

সাবেক রাষ্ট্রপতির কথাগুলো ‘মোদী সরকারের রাজধর্মকে’ ইঙ্গিত করে বলা হয়েছে, সাংবাদিকদের উদ্দেশ্যে এমনটাই বলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুর্যওয়ালা।

তবে অনুষ্ঠানে গিয়ে আরএসএসের প্রতিষ্ঠাতা কেবি হেগওয়ারের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাকে ‘ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান’ বলায় নাখোশ অনেক কংগ্রেস নেতাই।

“প্রবীণ নেতা ও চিন্তাশীল ব্যক্তি প্রণব দা’র যে ভাবমূর্তি, তাকে আরএসএসের সদরদপ্তরে দেখা লাখ লাখ কংগ্রেস কর্মীকেই ক্রুদ্ধ করেছে,” টুইটারে বলেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। 

কংগ্রেস নেতাদের এমন ‘নিচু মানসিকতার’ নিন্দা জানিয়েছে আরএসএস। একই সঙ্গে প্রণবকে ‘পরিণত ও অভিজ্ঞ রাজনীতিক’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছে তারা।

ইন্দিরা গান্ধী ১৯৭৭ সালে আরএসএস আয়োজিত বিবেকানন্দ শৈল স্মারক সৌধের আবরণ উন্মোচন করেছিলেন বলেও স্মরণ করিয়ে দিয়েছে তারা।

বিজেপি নেতারাও বলছেন, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আমন্ত্রণ জানিয়েছিলেন; মহাত্মা গান্ধীসহ অনেকে আরএসএসের অনুষ্ঠানে উপস্থিতও হয়েছিলেন৷