ভারী বৃষ্টিপাতে মুম্বাইয়ে জনজীবন বিপর্যস্ত
প্রাক-মৌসুমী বৃষ্টিপাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না।
ভারী বৃষ্টিপাতের কারণে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। এদিন মুম্বাই-থানে ট্রেনগুলো ১৫ থেকে ২০ মিনিট দেরি করে ছেড়েছে।
বিদ্যুৎ চলে যাওয়ায় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে গিয়েছিল বলে খবর পাওয়া গেছে।
লন্ডন থেকে জেট এয়ারওয়েজের মুম্বাইগামী একটি উড়োজাহাজ বৃষ্টির কারণে আহমেদাবাদে অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানায় এনডিটিভি।
আগামী ২৪ ঘণ্টা আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
দুর্যোগ মোকাবেলায় সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে মুম্বাই পৌর কর্তৃপক্ষ (বিএমসি) বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
বিএমসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের ছুটি বাতিল করে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর একে প্রাক-মৌসুমী বৃষ্টিপাত বলে বর্ণনা জানায়, “আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মুম্বাইয়ে মৌসুমি বৃষ্টিপাত শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৮, ৯, ১০ ও ১১ জুন মুম্বাই ও আশেপাশের এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে।”
যা ২০০৫ সালের বৃষ্টিপাতকে ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সদস্যদের দেখা গেছে।
সম্ভাব্য বন্যার আশঙ্কায় নগরীর সব স্কুল ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে প্রয়োজনে বন্যা দুর্গতদের সেখানে আশ্রয় দেওয়া যায়।
২০০৫ সালে প্রচণ্ড বৃষ্টিপাত থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় দুঃস্বপ্নের এক রাত পার করতে হয়েছিল মুম্বাইবাসীদের। সেবার মহারাষ্ট্রজুড়ে এক রাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
