হিন্দুত্ববাদী আরএসএস-এর অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় কেন?
নাগপুরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যোগ দেওয়ার খবরে কংগ্রেসের ভেতরে ও বাইরে চলছে গুঞ্জন৷
কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখোপাধ্যায় আগামী ৭ জুন নাগপুরে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস-এর সদর দপ্তরে নতুন প্রচারকদের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকছেন।
প্রণব মুখোপাধ্যায় গত ৫০ বছর ধরে তার দল কংগ্রেসের জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার মতাদর্শকে লালন পালন করে এসেছেন নিজের সন্তানের মতোই৷ অনেক জলঝড় সামলাতে হয়েছে তাকে এই কাজে৷
আরএসএস-এর মতো সংঘ পরিবারের কট্টর হিন্দুত্ববাদীদের থেকে তিনি শত হাত দূরে থেকেছেন৷ হিন্দু মৌলবাদীদের সন্ত্রাসী বলতেও বাকি রাখেননি৷
২০১০ সালে প্রণবই সর্বভারতীয় কংগ্রেস অধিবেশনে সংঘ পরিবারের সঙ্গে সন্ত্রাসীদের যোগ আছে কিনা- তা তদন্ত করে দেখতে বলেছিলেন ইউপিএ সরকারকে৷ কী এমন হল যে ৮২ বছরে এসে তিনি তার মতাদর্শ পালটাবেন?
এই নিয়ে নানা তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে কংগ্রেস শিবিরের ভেতরে ও বাইরে৷ কংগ্রেসের মধ্যেই এ নিয়ে বিভাজন স্পষ্ট৷
কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি৷ তবে কংগ্রেসের কিছু নেতা বলছেন, সংঘ পরিবারের অনুষ্ঠানে যোগ দিলেই প্রণব মুখোপাধ্যায়ের মানসিকতা বদলে গেছে- এমন মনে করার কারণ নেই৷
রাষ্ট্রপতি থাকাকালে তিনি দলমত নির্বিশেষে সকলের সঙ্গেই সুসস্পর্ক বজায় রেখেছিলেন৷ আরএসএস-এর প্রধান মোহন ভাগবত বেশ কয়েকবার রাষ্ট্রপতি প্রণবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন৷
রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরও ভাগবত কয়েকবার তার বাসভবনে গিয়েছিলেন৷ দুই পক্ষেই একটি মসৃণ সম্পর্ক বজায় ছিল৷
অবশ্য রাষ্ট্রপতি পদ থেকে প্রণব অবসর নেওয়ার পর তার কাছে কংগ্রেস নেতাদের আনাগোনা চোখে পড়ার মত কমে গিয়েছিল৷ কেন কমে গিয়েছিল সেটাও একটি প্রশ্ন৷
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ডয়চে ভেলেকে তিনি বললেন, ‘‘প্রণববাবু দলের প্রতিনিধি হয়ে বা রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন না৷ যাচ্ছেন এক বিশিষ্ট হিসেবে৷ ব্যক্তি হিসেবে তিনি কোথায় যাবেন না যাবেন, সেটার ব্যক্তিগত ব্যাপার৷ তবে প্রণববাবু সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে এসেছেন৷ সাম্প্রদায়িক শক্তি হিসেবে বিজেপি এবং সংঘপরিবারের সমালোচনা করে এসেছেন৷ এখন সেখানে তিনি কী বলবেন না বলবেন সেটা জানার আগে কি করে বলব?
“প্রণববাবু এখন কংগ্রেসের লোক নন৷ আগে মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন৷ এখন একজন ব্যক্তিবিশেষ৷ এখন যদি তার মতাদর্শ পালটান, সেটা তার ব্যাপার৷''
প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ট বন্ধু রাষ্ট্রবিজ্ঞানী অমল মুখোপাধ্যায়ের কাছে এর ব্যাখ্যা জানতে চাইলে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘কেউ কেউ হয়ত এ বিষয়ে প্রশ্ন তুলছেন৷ প্রদেশ কংগ্রেসের কোনো কোনো নেতাও প্রশ্ন তুলেছেন৷ প্রণব আমার ঘনিষ্ট বন্ধু৷ সংবাদপত্রে খবরটা পড়ে আমি প্রণবের সঙ্গে যোগাযোগ করি৷ ব্যাপারটা কি জানতে চাই৷ উত্তরে উনি আমায় বললেন, রাষ্ট্রপতি থাকাকালীন সব দল এবং সংগঠনের প্রতি নিরপেক্ষ ছিলেন উনি৷ সে সময় আরএসএস তাকে তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিল৷ পদ থেকে সরে আসার পর সেই আমন্ত্রণ গ্রহণ করেন৷''
ড. মুখোপাধ্যায় বলেন, ‘‘যারা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, প্রণব তাদের একটু অপেক্ষা করতে বলেছেন৷ আরএসএস-এর অনুষ্ঠানে গিয়ে তিনি কী বলেন, সেটা যেন তারা লক্ষ্য করেন৷ তাহলেই তারা বুঝবেন যে তিনি মূল মতাদর্শ থেকে সরে আসেননি৷ উদাহরণ হিসেবে প্রণববাবু ১৯৬২ সালে আরএসএস-এর সভায় নেহেরুর যোগদানের কথা উল্লেখ করেন৷ কাজেই আরএসএস-এর অনুষ্ঠানে গেছেন বলেই তিনি বিজেপি হয়ে যাননি৷''
অবশ্য কংগ্রেস নেতা বীরাপ্পা মইলির মতে, দলের মতাদর্শের প্রতি বিশ্বস্ত হলে আরএসএস-এর অনুষ্ঠানে প্রণবের যাওয়া উচিৎ হবে না।
অন্যদিকে কংগ্রেস নেতা সলমন খুরশীদ মনে করেন, প্রাক্তন রাষ্ট্রপতির ওপর দলের আস্থা রাখা উচিত৷ ভারতের আদর্শের প্রতি অনুগত তিনি৷ দলের বিজ্ঞ নেতা তিনি৷ সে কারণেই তাকে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছিল৷
বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী বলেন, ইন্দিরা গান্ধী যে ১৯৭৭ সালে আরএসএস আয়োজিত বিবেকানন্দ শৈল স্মারক সৌধের আবরণ উন্মোচন করেছিলেন, সেটাও মনে রাখতে হবে। সেই প্রসঙ্গে আরএসএস-এর প্রশংসাও তিনি করেছিলেন৷
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আরএসএসকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ অতীতে মহাত্মা গান্ধীসহ একাধিক ব্যক্তিত্ব আরএসএসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ির বলছেন, আরএসএস নিষিদ্ধ সংগঠন নয় বা পাকিস্তানি সংগঠন নয়৷ তাহলে গেলে সমস্যা কোথায়?
ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি স্বীকৃত সংগঠনের অনুষ্ঠানে একজন সম্ভ্রান্ত নাগরিক হিসেবে প্রণব যাবেন, সেখানে ভাষণ দেবেন...গণতন্ত্রে তো এটাই দস্তুর৷ তার গভীর ধর্মনিরপেক্ষ রাজনীতি প্রশ্নাতীত৷ আরএসএস-এর অনুষ্ঠানে তিনি কী বলবেন, সেটা পরের কথা৷ বহুত্ববাদী ধর্মনিরপেক্ষতার কথা বললে সেটা সংঘ পরিবার মানবে কিনা, সেটাও পরের কথা৷ কিন্তু সংঘবাদীদের ধর্মীয় গোঁড়ামি বা মতাদর্শের ভুলভ্রান্তি কোথায় – সংঘের মঞ্চে দাঁড়িয়ে সেটা তিনি বলতেই পারেন৷ তাতে বাধা কোথায়?
প্রথম ইউপিএ সরকারে কংগ্রেসের প্রধানমন্ত্রী কে হবেন, সেই প্রশ্নে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের নামই আলোচনায় ছিল সবচেয়ে বেশি। কিন্তু তাকে পাশ কাটিয়ে সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বেছে নিয়েছিলেন মনমোহন সিংকে৷ তাতে প্রণবের মনে একটা চাপা অভিমান রয়ে গেছে বলে অনেকেরই ধারণা।
