২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মুতে পাকিস্তান রেঞ্জার্সের হামলায় ২ বিএসএফ সদস্য নিহত

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানায় যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠায় রাজি হওয়ার এক সপ্তাহের মধ্যে জম্মুতে পাকিস্তানি সীমান্তরক্ষীদের হামলায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 11:26 AM

Updated : 08 Apr 2022, 06:29 PM

রোববার সকালে জম্মু সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা কোনো ধরনের ‘উসকানি ছাড়াই এলোপাথাড়ি গুলি’ ছুড়লে বিএসএফের দুই জওয়ান নিহত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

জম্মুর আখনুর সেক্টরের প্রাগওয়াল এলাকার সীমান্তের অন্যপাশ থেকে পাকিস্তানি বাহিনীই প্রথম গুলি ছোড়ে বলে দাবি বিএসএফের।

“কোনো ধরনের উসকানি ছাড়াই তাদের ছোড়া গুলিতে অগ্রবর্তী চৌকিতে থাকা দুই জওয়ান গুরুতর আহত হয়,” বার্তা সংস্থা পিটিআইকে জানান বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন তিনি। নিহতদের মধ্যে একজন সহকারী ইন্সপেক্টর। 

“সীমান্তের অপরপাশ থেকে ছোড়া গুলি যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার সুস্পষ্ট লংঘন। বিএসএফ এর পাল্টা ও উপযুক্ত জবাব দিচ্ছে,”বলেন ওই কর্মকর্তা।

শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্য গুলি বিনিময় অব্যাহত ছিল।

মহাপরিচালক পর্যায়ে হটলাইন যোগাযোগের পর গত মঙ্গলবার দুই দেশ জম্মু ও কাশ্মির সীমান্তে খণ্ডযুদ্ধ বন্ধে ২০০৩ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতির প্রস্তাব ও এর মূল ভাব মেনে চলতে সম্মত হয়েছিল।