২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরালার ফলখেকো বাদুরের নমুনায় নিপা পাওয়া যায়নি

প্রায় দুই সপ্তাহ ধরে ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও ভাইরাসটির বাহককে এখনও শনাক্ত করা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 11:04 AM

Updated : 25 Jul 2022, 08:33 PM

রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেরালা থেকে ১৩টি ফলখেকো বাদুরের নমুনা ভারতের ন্যাশনাল ইনিস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেসে পাঠিয়ে পরীক্ষা করানো হলেও সেগুলোতে নিপার ভাইরাস পাওয়া যায়নি।

পাশাপাশি রাজ্যটি থেকে পাঠানো খরগোশের নমুনায়ও নিপা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়নি।

নিপায় আক্রান্ত কেরালা থেকে পরীক্ষার জন্য পাঠানো দ্বিতীয় সেট নমুনা ছিল এগুলো। এর আগে প্রথম সেটে শূকর, ছাগল, গরু ও পোকাখেকো বাদুরের নমুনা পাঠানো হয়েছিল। সেগুলোর কোনোটিতেই ভাইরাসটি শনাক্ত হয়নি। 

নিপার প্রাদুর্ভাবে কেরালায় এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

কেরালা রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, রাজ্যের কোঝিকোদের একটি পরিবার থেকে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। সেখানেই প্রথম নিপার সংক্রমণ ধরা পড়ে এবং চিকিৎসা শুরু হওয়ার পর চার জনের মৃত্যু হয়। 

ওই পরিবারটির মালিকানাধীন একটি পানির কুয়ায় মৃত অবস্থায় পড়ে থাকা সংক্রমিত বাদুর থেকেই ভাইরাসটি ছড়িয়েছে বলে দাবি করেছেন রাজ্যটির কর্মকর্তারা।

অ্যানিম্যাল হাসবেন্ডারির পরিচালক এন.এন. সসি এনডিটিভিকে বলেছেন, “আমরা যেসব নমুনা পাঠিয়েছি তার কোনোটিতেই নিপার জেনোম শনাক্ত হয়নি। বিভিন্ন ধরনের সম্ভাবনা যাচাই করতে বিভিন্ন ধরনের নমুনা পাঠিয়েছি আমরা, কিন্তু এখনও পর্যন্ত সবগুলোতেই নেগেটিভ ফল এসেছে।”