২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাড়ি চাপায় ১ বিক্ষোভকারী নিহতের পর উত্তাল কাশ্মির

জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের কেন্দ্রস্থলে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি গাড়ি বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে দ্রুত সরে পড়তে গিয়ে তিন বিক্ষোভকারীকে চাপা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 07:38 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

শনিবার নগরীর নওহাট্টা এলাকার এই ঘ্টনায় গুরুতর আহত ওই তিন বিক্ষোভকারীর মধ্যে এক জন হাসপাতালে মারা যাওয়ার পর কাশ্মিরজুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, পাশাপাশি সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার; খবর এনডিটিভির।

এ ঘটনায় জম্মু ও কাশ্মির পুলিশ সিআরপিএফ ও অজ্ঞাত পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে ‍দুটি মামলা করেছে। মামলায় পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও দাঙ্গাহাঙ্গামা এবং সিআরপিএফের গাড়ি চালকের বিরুদ্ধে তাড়াহুড়ো করে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। 

রামজান উপলক্ষে কাশ্মিরের বিচ্ছিন্নতবাদীদের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার, পাশাপাশি তরুণ কাশ্মিরীদের কাছে পৌঁছানোরও উদ্যোগ নিয়েছিল; কিন্তু এ ঘটনায় দিল্লির ওইসব উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কাশ্মির উপত্যকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পরিকল্পিত সফরের মাত্র কয়েকদিন আগে এ ঘটনাটি ঘটল।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে এক জায়গায় নামিয়ে দিয়ে ফেরার সময় সিআরপিএফের গাড়িটি রাস্তায় চলা একটি বিক্ষোভ মিছিলের মধ্যে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, উত্তেজিত একদল জনতা গাড়িটিকে ঘিরে ধরেছে, জোর করে গাড়িটিতে প্রবেশের চেষ্টা করছে আর গাড়িটির চালক সরে পড়ার জোর চেষ্টা চালাচ্ছেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, গাড়িটি খুব কাছ থেকে পাথর ও ইট নিক্ষেপ করতে থাকা বিক্ষোভাকারীদের ভিতরে দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে এবং লোকজন এক আহতকে সরিয়ে নিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কয়েকটি ছবিতে এক তরুণের উপর উঠে যাওয়ার ঠিক আগের অবস্থায় সিআরপিএফের গাড়িটিকে দেখা গেছে।

এ ঘটনায় কাশ্মিরের মুখমন্ত্রী মেহবুবা মুফতি সরকারের তীব্র সমালোচনা করে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ বলেছেন, “অস্ত্রবিরতি মানে কোনো অস্ত্র নয়, তাই জিপের ব্যবহার।”

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেননি মুখ্যমন্ত্রী মেহবুবা।