২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে শীর্ষ পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

ভারতের মুম্বাইয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তা হিমাংশু রায় আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ঊর্ধতন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 07:34 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

৫৫ বছর বয়সী এ পুলিশ কর্মকর্তা ছিলেন মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াডের (এটিএস) সাবেক প্রধান। বর্তমানে মহারাষ্ট্র পুলিশের এডিজি পদে ছিলেন তিনি।

শুক্রবার মেরিন লাইনসে নিজ বাড়িতে নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেন।

রিভলবার মুখে ঢুকিয়ে ট্রিগার টিপে দিয়েছিলেন হিমাংশু। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে।

হিমাংশু ক্যানসারে ভুগছিলেন। এজন্য তিনি দীর্ঘদিন চিকিৎসাকালীন ছুটিতে ছিলেন। তবে রোগযন্ত্রণা থেকে মুক্তির জন্যই তিনি আত্মহত্যা করেছেন, নাকি এর পেছনে অন্য কারণ আছে  তা জানা যায়নি।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এটিএস প্রধান পদে ছিলেন হিমাংশু রায়। সে সময় বেশ কয়েকটি সাড়া জাগানো মামলার সমাধান করেছিলেন তিনি। আইপিএল স্পট ফিক্সিং, বলিউড অভিনেত্রী লায়লা খান ও তার পরিবারের হত্যাকাণ্ড এবং সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ড মামলার তদন্তও হিমাংশু সামলেছিলেন।

সাবেক এক স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার হিমাংশু রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে বিবিসি’কে জানিয়েছেন। তিনি বলেন, সাক্ষাতের সময় হিমাংশু তাকে কেমোথেরাপিতে তেমন কাজ না হওয়ার কথা বলেছিলেন।

হিমাংশুর মৃত্যু গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকার জন্য তাকে ‘সন্ত্রাসবাদীদের যম’ বলা হত।