২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহাথিরকে ভোট দেওয়ার আহ্বান কারাবন্দি আনোয়ারের

এক সময়ের চরম প্রতিদ্বন্দ্বী মাহাথির মোহাম্মদকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার কারাবন্দি নেতা আনোয়ার ইব্রাহিম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2018, 08:56 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

মালয়েশিয়াকে উন্নতির পথে নিয়ে যাওয়া মাহাথির মোহাম্মদ এবারের জাতীয় নির্বাচনে বিরোধী জোটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নাজিব রাজাককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বলছেন, অতীতে করা নিজের ভুলের সংশোধন করতে চান তিনি।

নিজের এক সময়ের পছন্দের প্রার্থী রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরও ক্ষমতা না ছাড়ায় তাকে টেনে নামাতেই ৯২ বছর বয়সে রাজনীতিতে ফিরে আনোয়ার ইব্রাহিমের বিরোধী দলের সঙ্গে একজোট হয়েছেন মাহাথির।

১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়া মাহাথির দীর্ঘ ২২ বছর কঠোর হাতে দেশ শাসন করেছেন। তার আমলেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি সবচেয়ে বেশি অগ্রগতি হয়।

৯ মে মালয়েশিয়ায় চতুর্দশ জাতীয় নির্বাচন। আনোয়ার কারাগারে থাকায় যে নির্বাচন একতরফা হবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু মাহাথিরের ফিরে আসা এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে।

গত ছয় দশকের বেশি সময় ধরে নাজিবের বরিসান ন্যাশনাল (বিএন) জোট মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে। কিন্তু অতীতে কখনোই তাদের এবারের মত শক্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি।

কুয়ালালামপুরের একটি হাসপাতাল থেকে সোমবার এক বিবৃতিতে আনোয়ার বলেন, “আমি আপনাদের সবাইকে পরিবর্তনের দাবিতে পিপলস মুভমেন্টে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

সমকামিতার অভিযোগে ২০১৫ সালে পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া আনোয়ার গত কয়েকমাস ধরে হাসপাতালে আছেন। তার কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে। আগামী ৮ জুনের আগেই তিনি মুক্তি পাবেন বলে আশা করছে তার সমর্থকরা।

এর আগে মাহাথিরের আমলে একই অভিযোগে আনোয়ারকে ছয় বছর কারাভোগ করতে হয়েছিল।

১৯৯৮ সালে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ারকে বরখাস্ত করে কারাগারে পাঠিয়েছিলেন মাহাথির।

নাজিবের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারিসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠার পরও ক্ষমতা থেকে সরে না দাঁড়ানোয় ২০১৬ সালে অতীত বৈরিতা ভুলে মাহাথির ও আনোয়ার একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নেন।

আনোয়ার বলেন, মাহাথিরের সঙ্গে তার জোট ক্ষমতাসীন দলের জন্য ‘সবচেয়ে বড় দুঃশ্চিন্তা’ হয়ে দাঁড়িয়েছে।

“মাহাথির তার দৃঢ় মনোভাবের প্রমাণ দিয়েছেন। তিনি অতীতের সীমাবদ্ধতা স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন এবং আমাদের দেশ ও জনগণের সম্মান বাঁচাতে নিজের সময় ও শক্তির বলি দিচ্ছেন।”

ওদিকে, সোমবার রাতে সরকারপন্থি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাজিব তার জয় সুনিশ্চিত দাবি করে বলেন, “আমাদের রাজনৈতিক ভিত্তি এখনো শক্তিশালী ও সতেজ। আমি অনেকটাই নিশ্চিন্ত, কারণ আমাদের (নির্বাচনে) জেতার সামর্থ্য আছে।”

নাজিবের বিরু্দ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে। যা বরাবরই অস্বীকার করেছেন তিনি।