২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 12:26 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

রোববারের এ হামলায় আরও ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পার্লামেন্টে নির্বাচনের প্রস্তুতি চলাকালে সর্বশেষ এ হামলাটি চালানো হল।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র বসির বিনা জানিয়েছেন, আসরের নামাজের পর লোকজন ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হওয়া মসজিদটিতে জড়ো হয়েছিল, তখনই বিস্ফোরণটি ঘটে।

কোনো আত্মঘাতী হামলাকারী নয়, মসজিদটিতে রেখে যাওয়া বিস্ফোরক থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এতে ১৭ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য প্রদেশ খোস্তের স্বাস্থ্য বিভাগের প্রধান হাবিব শাহ্ আনসারি।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এপ্রিল থেকে দেশটিতে ভোটার নিবন্ধন শুরু করা হয়েছে। তারপর থেকে ভোটার নিবন্ধন কেন্দ্রগুলোতে ধারাবাহিকভাবে বোমা হামলা চালানো হচ্ছে।

নির্বাচনী প্রক্রিয়াতে জনগণকে অংশ গ্রহণ না করতে সতর্ক করলেও এক বিবৃতিতে এ হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে তালেবান।

গত মাসে রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছিলেন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

আফগানিস্তানজুড়ে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই বিস্তৃত হওয়ার মধ্যেই রোববারের হামলাটি চালানো হল।

সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, গত সপ্তাহে তালেবান যোদ্ধাদের দখল করে নেওয়া উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের একটি জেলা পুনরুদ্ধার করা হয়েছে। কিন্তু কোহিস্তান জেলা পুনরুদ্ধারের সরকারি দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান।

এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তালেবান যোদ্ধারা পাল্টা হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীকে কোহিস্তান থেকে হটিয়ে দিয়েছে।

রোববার সকালে পৃথক আরেকটি ঘটনায় উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারিয়াবে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে একটি গাড়ির সাত যাত্রী নিহত হন।