২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমাচলে স্কুলবাস খাদে পড়ে ২৬ শিশুর মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস গিরিখাদে পড়ে চালক ও দুই শিক্ষকসহ অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৬টি শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 08:02 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

কাংড়া জেলার নুরপুরের চেলি গ্রামে সোমবার এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে করে ওয়াজির রাম সিং মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল।

বাসচালক মদন লালও মারা গেছেন। বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিল। এখনও উদ্ধার কাজ শেষ না হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পাহাড়ি রাস্তার একটি তীক্ষ্ণ বাঁকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পিছলে উল্টে যায় এবং প্রায় একশ ফুট নিচে গিরিখাদে আছড়ে পড়ে।

হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী সুরেশ ভরদ্বাজ এ দুর্ঘটনায় ২৬ স্কুলশিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং বাকিরা হাসপাতালে মারা গেছে।

মারা যাওয়া শিশুদের বয়স ১০ বছরের নিচে বলে জানায় হিন্দুস্তান টাইমস।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। দুমড়েমুচড়ে যাওয়া বাসটির উদ্ধার কাজ এখনও চলছে বলে জানান মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর।