২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবেরি নিয়ে প্রতিবাদের সময় চেন্নাইয়ে আইপিএল বিব্রতকর: রজনীকান্ত

সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কাবেরী নদীর ব্যবস্থাপনা বোর্ড গঠনের ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের সময়ক্ষেপণে ক্ষোভ জানিয়ে সমাবেশ হয়েছে তামিল নাডুর রাজধানী চেন্নাইয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 03:44 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

সুপারস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া রজনীকান্ত ও কমল হাসান অন্যান্য শীর্ষ তামিল অভিনেতাদের সঙ্গে নিয়ে এ সমাবেশে অংশ নেন বলে খবর এনডিটিভির।

সমাবেশস্থলে যাওয়ার আগে বাড়ির সামনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে রজনীকান্ত বলেন, কাবেরী নদী নিয়ে যখন রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে, ঠিক সে সময়ে চেন্নাইয়ের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আয়োজনের ঘটনা বেশ ‘বিব্রতকর’। 

শনিবার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এ টুর্নামেন্ট শুরু হয়েছে।

রজনীকান্ত বলেন, কাবেরী নিয়ে প্রতিবাদে সামিল হতে চাওয়া আইপিএল খেলোয়াড় এবং দর্শকদেরও কালো ব্যান্ড বাধার অনুমতি দেওয়া উচিত।

কাবেরী নিয়ে ব্যবস্থাপনা বোর্ড গঠনে কেন্দ্রীয় সরকারের টালবাহানা নিয়ে তামিল নাডুর সব দলই বেশ সোচ্চার। ৬৭ বছর বয়সী অভিনেতাও নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারকেই দায় দিয়েছেন। বলেছেন, দ্রুততার সঙ্গে ব্যবস্থাপনা বোর্ড গঠন না হলে কেন্দ্র তামিল নাডুর রোষানলে পড়বে।

“এরই মধ্যে দেরি হয়ে গেছে,” বলেছেন গত বছরের ডিসেম্বরে নতুন রাজনৈতিক দল খোলার ঘোষণা দেওয়া এ সুপারস্টার।

রাজ্যের বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনেই তার নতুন দল প্রার্থী দেবে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত চলা চেন্নাইয়ের ভেলুভার কোত্তামে হওয়া এ বিক্ষোভ সমাবেশে তামিল শীর্ষ অভিনেতা ধানুশ, বিজয়া, সূর্য, সত্যরাজ, শিবকুমার, নাসের, ভিশাল, কার্তি ও শিবকার্তিকেনেরও উপস্থিত থাকার কথা।

কাবেরী নদীর পানি প্রবাহ দ্রুত নিশ্চিত করে রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষার দাবিতে তামিল নাডুর বিভিন্ন দল এরই মধ্যে লাগাতার বিক্ষোভ, রেল অবরোধ, বনধ, অনশনসহ নানান কর্মসূচি পালন করেছে বলেও এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

কেন্দ্রের মনোযোগ আকর্ষণে শুক্রবার ত্রিচাই এলাকার একদল কৃষক নিজেদের শরীরের একাংশকে বালির মধ্যে কবর দিয়ে রাখে। গলায় ফুলের মালা পরা কৃষকরা গরম বালিতে নিজেদের ঢেকে রেখে লড়াই করেছেন তীব্র রোদের সঙ্গে।

কংগ্রেস, সিপিআই ও সিপিএমকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাজ্যটির প্রধান বিরোধী দল ডিএমকে তামিল নাডুজুড়ে দিনব্যাপী বনধ কর্মসূচি পালন করেছে। কাবেরী নদীর ব্যবস্থাপনা বোর্ড গঠনে সরকারের সমালোচনা করে দলটি বলছে, বিধানসভা ভোটের আগে কর্নাটকের ভোটারদের না চটাতে এ কৌশল নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

আগামী মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কাবেরী নদীর পানির হিস্যা নিয়ে এ রাজ্যের সঙ্গে তামিল নাডুর বিবাদ চলছে।

নদী ব্যবস্থাপনা বোর্ড না গঠন করায় মঙ্গলবার দিনব্যাপী প্রতীকী অনশনের ডাক দিয়েছে তামিল নাডুর ক্ষমতাসীন এআইএডিএমকে-ও।

“বোর্ড না গঠন করায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এ অনশন হবে,” বিবৃতিতে বলেছে দলটি।

গত ১৬ ফেব্রুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য কাবেরী নদীর পানি তামিল নাডু ও কর্নাটকের মধ্যে কীভাবে বন্টন হবে, তা ঠিক করতে একটি ব্যবস্থাপনা বোর্ড করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল।

এজন্য ২৯ মার্চ পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ড গঠন না করায় তামিল নাডুর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে। মঙ্গলবার এ অভিযোগের শুনানি হওয়ার কথা।

“আমরা তামিল নাডুর সমস্যা বুঝতে পারছি। তামিল নাডু যেন পানি পায় এবং সমস্যাটির যেন সমাধান হয়, তা আমরা দেখছি,” বলেছে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ, যার নেতৃত্বে আছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র।