‘হ্যাকারের কবলে’ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার পর স্বরাষ্ট্র, বিজ্ঞান ও প্রযুক্তি, শ্রম ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ঢোকা যায়নি।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে তার দপ্তরের ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়ার কথা জানিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
তবে ভারত সরকারের সাইবার সিকিউরিটি সমন্বয়ক গুলশান রাই এনডিটিভির কাছে দাবি করেছেন, সমস্যাটা ‘হার্ডওয়্যারের’, হ্যাকিং নয়।
সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস লিখেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু হয়। সে কারণেই সাইট ‘ডাউন’।
ভারতীয় সংবাদ মাধ্যমে আসা খবরে বলা হচ্ছে, বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখা যায়, ফাঁকা হোম পেইজে ইংরেজি ও হিন্দিতে মন্ত্রণালয়ের নাম লেখা, তার উপরে দুটি চীনা হরফ। আর সবার নিচে লেখা- ‘দি ওয়েবসাইট এনকাউন্টারড অ্যান আনএক্সপেক্টেড এরর’।
সরকারি ওয়েবসাইটগুলো দেখভালের দায়িত্বে থাকা ন্যাশনাল ইনফরমেটিকস এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
তাদের খবরে বলা হয়, সন্দেহভাজন পাকিস্তানি হ্যাকাররা প্রায়ই ভারত সরকারের বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ চালায়।
গত জানুয়ারিতেও পাকিস্তানভিত্তিক হ্যাকারের একটি দল ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড বাহিনীর ওয়েসবাইটের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ভারতবিরোধী বার্তা ঝুলিয়ে দেয়।
