দলিত বিক্ষোভ: রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
তফসিলি জাতি ও উপজাতিদের নিরাপত্তায় ‘এসসি/এসটি’ অ্যাক্ট নিয়ে দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ দিল না ভারতের সুপ্রিম কোর্ট। তবে রায়টি পুনর্বিবেচনা করতে আদালত রাজি হয়েছে।
‘এসসি/এসটি (প্রিভেনশন অব অ্যাট্রসিটিস) আইন’ লঘু করে দেওয়ার অভিযোগে সোমবার ভারতে বনধের ডাক দিয়েছিল বেশ কয়েকটি দলিত সংগঠন। এতে বিভিন্ন জায়গায় সহিংসতা, সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রায় পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্র।
সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট রায়ে স্থগিতাদেশ না দিয়ে তফসিলি আইনে আগের রায় বহাল রেখেছে এবং মামলার শুনানি চলবে বলে জানিয়েছে।
স্থগিতাদেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, আদালত এসসি/এসটি আইনের বিরুদ্ধে নয়, কিন্তু তারা চায় এ আইনের অপব্যবহার করে যেন কোনো নিরীহ মানুষকে একতরফাভাবে শাস্তি দেওয়া না হয়।
গত ২০ মার্চ ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, বহু ক্ষেত্রেই দেখা গেছে, তফসিলি জাতি ও জনজাতি নিপীড়ন প্রতিরোধ আইনের অপব্যবহার হয়।
সেদিনের রায়ে অতীতে এ আইনের ‘অপব্যবহার হয়েছে’ বর্ণনা করে আদালত কিছুটা সংশোধনী এনে এসসি/এসটি আইনের অধীনে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার না করা এবং দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত জামিনের আবেদনের বিধান সংযোজনের আদেশ দেয়।
সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে একাধিক দলিত সংগঠন আইনটি লঘু করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে। একই মত পোষণ করে বিরোধী রাজনৈতিক দলের একাংশও।
বিষয়টি নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রায় স্থগিত করে তা পুনর্বিবেচনার আবেদন করা হয়। তবে সুপ্রিম কোর্ট রায়টি স্থগিত না করলেও আগামী দু’দিনের মধ্যে সব পক্ষকে সবিস্তারে তাদের মত জানানোর নির্দেশ দিয়েছে। আগামী ১০ দিনে পরবর্তী শুনানি হবে বলেও জানিয়েছে আদালত।
প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার বলেছে, “আমরা এই আইনের বিরুদ্ধে নই। কিন্তু নিরপরাধীদের শাস্তি পাওয়াও উচিত না।”
তিনি বলেন, “এসসি/এসটি অ্যাক্টকে দুর্বল করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধুমাত্র নিরপরাধ লোকজনকে গ্রেপ্তার হওয়া থেকে রক্ষা করতে চাইছি। আইনে নতুন যে বিধান সংযোজন করা হয়েছে তা সন্ত্রাসীদের নির্দোষ প্রমাণে ব্যবহৃত হবে না।”
দেশজুড়ে দলিতদের ধর্মঘটের দায় আদালতের নয় এবং বিক্ষোভকারীরা খুব সম্ভবত আগের রায় ঠিকমত পড়েনি মন্তব্য করে বিচারকরা বলেন, “এই রায়ের বিরুদ্ধে সমাজে বড় ধরনের অসন্তোষ ও বিক্ষোভ দেখা দিয়েছে। আমরা সংঘাতময় পরিস্থিতির মধ্যে নেই। খুব সম্ভবত কায়েমী স্বার্থে এই অসন্তোষ হচ্ছে।”
