২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার যুক্তরাজ্যে ফিরে গেলেন মালালা

জন্মভূমিতে চারদিনের সফর শেষে আবারো যুক্তরাজ্যে ফিরছেন পাকিস্তানের শান্তিতে নোবেলজয়ী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 11:23 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

সোমবারে সকালে কড়া নিরাপত্তায় একটি গাড়ি বহরে করে পরিবারসহ ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান মালালা। সেখান থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

তালেবান জঙ্গিদের গুলিতে মারাত্মক আহত হয়ে ২০১২ সালে পাকিস্তান ছেড়েছিলেন মালালা। এর প্রায় ৬ বছর পর গত বুধবার রাতে বাবা-মাসহ জন্মভূমি পাকিস্তানে ফেরেন তিনি।

সেখান থেকে একটি হেলিকপ্টারে করে শনিবার মালালা ইসলামাবাদ থেকে মিনগোরা যান। নিজ শহরে কিছু সময় কাটিয়ে মালালা আবার ফিরে আসেন।

সোয়াত থেকে চলে আসার আগে মালালা বলেন, “আমি চোখ বন্ধ অবস্থায় সোয়াত ছেড়েছিলাম। আর এখন চোখ খুলে আমি এখান থেকে ফিরে যাচ্ছি।” ২০১২ সালে কোমায় থাকা অবস্থায় মালালাকে চিকিৎসার জন্য বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল।

আর এখন মালালা মধুর স্মৃতি নিয়েই পাকিস্তান ছাড়ছে এবং ইংল্যান্ডে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য। পড়াশোনা শেষ করার জন্য মালালাকে ফিরতে হচ্ছে বলে জানান তিনি।

পাকিস্তানের সোয়াত উপত্যকার মেয়ে মালালা ইউসুফজাইয়ের জন্ম ১৯৯৭ সালের ১২ জুলাই।

নারী শিক্ষার বিরোধী তালেবান জঙ্গিদের এলাকায় বসে মেয়েদের স্কুলে যাওয়ার পক্ষে বিবিসি ব্লগে লেখালেখি করে তিনি যখন পশ্চিমা বিশ্বের নজর কাড়েন, তখন তার বয়স মাত্র ১১। কিন্তু নারী শিক্ষার পক্ষে কথা বলায় তাকে পড়তে হয় প্রাণনাশের হুমকির মুখে।

২০১২ সালের ৯ অক্টোবর সোয়াত উপত্যকার মিনগোরাত এলাকায় ১৪ বছর বয়সী মালালা ও তার দুই বান্ধবীকে স্কুলের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা।

 ‘পশ্চিমাপন্থি’ ও ‘পশতু এলাকায় পশ্চিমা সংস্কৃতি প্রচার’ করার কারণে তাকে গুলি করা হয়েছে বলে ওই সময় দাবি করেছিল পাকিস্তান তালেবান।

পাকিস্তানে তার মাথায় অস্ত্রোপচার করে বুলেট সরিয়ে নেওয়া সম্ভব হলেও পরে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়।

ওই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে, মালালার স্বপ্ন সফল করতে ২০১২ সালের ১০ নভেম্বরকে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ।