দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ ফের ভাসাল শ্রীলঙ্কা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমানের বোমা হামলায় ডুবে যাওয়া ব্রিটিশ একটি যাত্রীবাহী জাহাজ ৭৫ বছর পর ফের জেগে উঠল শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে।
১৯৪২ সালে এসএস সাগাইং নামের ডুবন্ত ওই জাহাজ থেকে অধিকাংশ যাত্রী ও মালামালের বেশিরভাগ অংশই উদ্ধার করা সম্ভব হয়েছিল; কয়েক দশক পর শ্রীলঙ্কান নৌবাহিনীর একদল ডুবুরির সহায়তায় জাহাজটি ফের জলে ভাসল।
এতদিন ধরে জাহাজটি ত্রিনকোমালি পোতাশ্রয়ে পানির ৩৫ ফুট নিচে ছিল বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জলে ভাসানোর আগে ক্ষতিগ্রস্ত এসএস সাগাইংকে পোতাশ্রয়ে থাকা নৌবাহিনীর অন্যান্য জাহাজের জেটি হিসেবেও ব্যবহার করা হতো।
জাহাজটিকে ফের সাগরে ভাসাতে শ্রীলঙ্কার ইস্টার্ন নেভাল কমান্ড ইউনিটকে কয়েক মাসের উদ্ধার অভিযান চালাতে হয়েছে।
শনিবার এক বিবৃতিতে লঙ্কান নৌবাহিনী জানিয়েছে, জলে ভাসাতে ৪৫২ ফুট দীর্ঘ নৌযানটির মূল অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি করতে হয়েছে।
ডুবুরি দলের সদস্যরা ভেসে থাকার মতো অবস্থায় নিয়ে আসতে ক্ষতিগ্রস্ত জাহাজটির পানি ঢুকে যায় এমন একটি পাশে নতুন করে একটি অংশ জুড়ে দিয়ে এর অবকাঠামোর সক্ষমতা ফিরিয়ে আনেন।
