ভারতের ইন্দোরে ভবন ধসে নিহত ১০
ভারতের ইন্দোর শহরে একটি চারতলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
শনিবার রাত সোয়া ৯টার পর শহরটির জনবহুল সরবাতি বাস স্ট্যান্ডের নিকটবর্তী ওই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে এনডিটিভি।
ভবন ধসের পর পুলিশ ও দমকলের বড় একটি দল সারারাত ধরে উদ্ধার কাজ চালিয়ে যায়।
পুরনো ও জীর্ণ ওই ভবনটিতে আবাসিক হোটেল ও লজ ছিল। এর ধ্বংসস্তূপ থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের ইন্দোরের সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভবনটির ধ্বংসস্তূপের নিচে দুই থেকে পাঁচ জন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।
স্থানীয়রা জানিয়েছেন, ৫০ বছরেরও বেশি পুরনো ভগ্নদশার এই ভবনটির উপরের তিনটি তলায় এমএস নামের একটি হোটেল চালু ছিল। হতাহতদের বেশিরভাগই ওই হোটেলটির কর্মী ও অতিথি।
ভারী একটি গাড়ি ধাক্কা দেওয়ার পর ভবনটি ধসে পড়ে, প্রাথমিক তদন্তে এমন ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এক টুইটে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তিনি নিবিড়ভাবে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন।
