২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে দাঙ্গার আশঙ্কা: শান্ত থাকার আহ্বান সন্তানহারা বাবার

রাম নবমী মিছিলকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল-রানিগঞ্জ এলাকায় হিন্দু-মুসলিম দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 03:07 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

পুরনো খবর:

পশ্চিমবঙ্গে রাম নবমীর মিছিলে সংঘর্ষে নিহত ৩

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দাঙ্গার উস্কানি দিচ্ছে।

অন্যদিকে মমতার দল তৃণমূল কংগ্রেসের সবদিক রক্ষার রাজনীতি এবং সেখানকার কমিউনিস্ট পার্টির কারণে এ দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিজেপির।

রাজনৈতিক দলগুলো যখন পরষ্পরকে দোষারোপ করে পরিস্থিতির সুযোগ নিতে ব্যস্ত তখন নিজের ছেলের হত্যার বিচার না চেয়ে বরং সবাইকে শান্ত থাকতে বলেছেন মওলানা ইমদাদুল রশিদি। ‍যিনি গত ৩০ বছর ধরে আসানসোল মসজিদের ইমামতি করছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় মওলানা ইমদাদুলের দশম শ্রেণী পড়ুয়া ছেলে নিখোঁজ হয়। পরদিন রাতে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে জানায় এনডিটিভি।

নিহতের বড় ভাই পুলিশকে বলেছে, রাম নবমীর মিছিল আসতে দেখে সরে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার ভাইকে টেনে নিয়ে যায়।

আসানসোলের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এলএন মিনা ওই কিশোরের মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানালেও এ বিষয়ে আর কোনো তথ্য দেননি।

তিনি বলেন, “তদন্তের আগে আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না।”

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত রোববার হিন্দু ধর্মাবলম্বীদের রাম নবমী উৎসবে দেশীয় ঐতিহ্যবাহী অস্ত্রশস্ত্র নিয়ে শোভাযাত্রা করে বিজেপি পশ্চিমবঙ্গ শাখা।

উৎসব পালনের সময় ও পরে রাজ্যের বর্ধমান জেলার রানিগঞ্জ, উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া এবং পুরুলিয়া ও মুর্শিদাবাদে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল আনন্দবাজার পত্রিকা।

রোববার রাতে কাঁকিনাড়ায় রামনবমীর মিছিলে দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি পরে হাসপাতালে মারা যান।

এছাড়া, পুরুলিয়া জেলায়ও মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়।

পরদিন রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রানিগঞ্জে সংঘর্ষ ছড়িয়ে পড়লে আরও তিনজন নিহত হওয়ার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পাঁচজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে উত্তেজনা বিরাজ করছিল।

তার মধ্যেই আসানসোল মসজিদের ইমামের ছেলে নিখোঁজ এবং পরে তার মৃতদেহ পাওয়ার খবর দাবানলের মত ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ছেলের দাফন শেষে মওলানা ইমদাদুল সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমার ছেলে আর নেই…কিন্তু যদি আপনারা আমাকে ভালোবাসেন তবে শান্ত থাকুন। কারো সমস্যার কারণ হবেন না।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার আসানসোল শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া আগামী ৪ এপ্রিল পর‌্যন্ত সেখানে ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে।

এদিন সেখানে আর কোনো সংঘর্ষের খবর পাওয়া না গেলেও সংঘর্ষে জড়িত সন্দেহে প্রায় ৭০ জনকে আটক করেছে পুলিশ।

পরিস্থিতি নিজের চোখে দেখতে শনিবার আসানসোল গেছেন পশ্চিমবঙ্গের গভর্নর কেশরি নাথ ত্রিপাঠি।

রাজ্য সভার এমপি রূপা গাঙ্গুলির নেতৃত্বে বিজেপির চার সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দলের রোববার আসানসোল যাওয়ার কথা রয়েছে বলে জানায় এনডিটিভি।