বিজেপি নেতার হুমকির পর 'দ্রাবিড় আইকন' পেরিয়ারের মূর্তি ভাংচুর
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতার ফেইসবুকে দেওয়া হুমকির কয়েকঘণ্টার মধ্যে তামিলনাডুতে দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠীর আইকন, সমাজকর্মী ইভিআর রমাসামির মূর্তি ভাংচুর হয়েছে।
ত্রিপুরায় রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ লেনিনের মূর্তি ধ্বংসের সমালোচনার মধ্যেই মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ভেলুরের একটি পৌর কার্যালয়ের ভেতর 'পেরিয়ার' নামে পরিচিত রমাসামির মূর্তিটির ওপর হামলা হয় বলে খবর এনডিটিভির।
সমাজকর্মী পেরিয়ার ভারতে 'আত্ম-সম্মান আন্দোলন' ও দ্রাবিড় ভাষাভাষীদের প্রথম সংগঠন দ্রাবিড়ার কাজাঘামের সূচনা করেন। তামিলনাডুজুড়ে তার অসংখ্য মূর্তি আছে।
মঙ্গলবার তিরুপাত্তুর কর্পোরেশন অফিসের ভেতরে থাকা মূর্তিটির চশমা, নাক ও মাথার একাংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় ‘এক বিজেপি সমর্থক ও এক সিপিআই কর্মীকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় দুজনই ‘মদ্যপ ছিলেন’ বলেও জানিয়েছে তারা।
এর আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে টানা দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা বামফ্রন্টকে হারানোর দুইদিনের মাথায় উন্মত্ত বিজেপি কর্মী-সমর্থকদের বুলডোজার দিয়ে লেনিনের মূর্তি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা তুমুল সমালোচনার জন্ম দেয়। রাজ্যটিতে থাকা লেনিনের অন্য একটি মূর্তিও পদ্মফুল সমর্থকের রোষের শিকার হয়েছে বলে খবর স্থানীয় গণমাধ্যমগুলোর।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মূর্তি ভাংচুরের সমালোচকদের একহাত নেন ক্ষমতাসীন বিজেপির জাতীয় সম্পাদক এইচ রাজা। লেনিনের মতো পেরিয়ারের মূর্তিও 'সরিয়ে দেওয়া' হবে, হুমকি দেন তিনি।
"লেনিন কে, তার সঙ্গে ভারতের সম্পর্ক কী? ভারতের সঙ্গে কমিউনিস্টদেরই বা সম্পর্ক কী? ত্রিপুরায়া লেনিনের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে। আজ ত্রিপুরায় লেনিনের মূর্তি গেছে, কাল বর্ণবাদী উন্মাদ ইভিআর রমাসামিরটাও যাবে," ফেইসবুক পোস্টে বলেন এ বিজেপি নেতা।
কিন্তু তীব্র প্রতিক্রিয়ার মুখে কয়েক ঘণ্টা পর বিজেপির এ জাতীয় সম্পাদক তার পোস্টটি সরিয়ে নেন। তামিলনাডুর আঞ্চলিক দল ডিএমকের কার্যকরী সভাপতি এমকে স্ট্যালিন ফেইসবুক পোস্টের জন্য এইচ রাজাকে গ্রেপ্তারের দাবি জানান।
এমডিএমকে, সিপিএম ও সিপিআইয়ের পক্ষ থেকেও এ বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
রাজা পরে বলেছেন, অসাবধনতাবশত অন্য কেউ তার পেইজে এই পোস্টটি দিয়েছিল। বিতর্কিত এ মন্তব্য দলের নয় বলে দাবি করেছেন বিজেপির তামিলনাডু রাজ্যের সভাপতি তামিলিসাই সাউন্ডারারাজন।
