২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উত্তরপূর্বাঞ্চলে বিজেপির উত্থান

বিরোধী দলগুলোর হানাহানিকে পুঁজি করে, অঞ্চলিক কয়েকটি দলের সঙ্গে কৌশলগত মিত্রতা গড়ে এবং অভিভাবক সংগঠন আরএসএস সহায়তায় ব্যাপক প্রচারণা চালিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে গেরুয়া জোয়ার তৈরি করেছে বিজেপি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 07:50 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

টাইম অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি এমন একটি অঞ্চল যেখানে পাঁচ বছর আগে বিজেপি রাজনীতির মাঠের কোনো খেলোয়াড়ও ছিল না।

শনিবার ঘোষিত ওই অঞ্চলের তিন রাজ্যের বিধানসভার ফলাফলে ত্রিপুরায় শক্তিশালী বামদুর্গের পতন ঘটিয়েছে বিজেপি, নাগাল্যান্ডে ক্ষমতাসীন নাগা পিপলস ফ্রন্টকে (এনপিএফ) টেক্কা দিচ্ছে বিজেপি-এনডিপিপি জোট, মেঘালয়ে কংগ্রেস এগিয়ে থাকলেও বিজেপির তৎপরতার কারণে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 

পরিস্থিতি যা তাতে মেঘালয়েও ক্ষমতা হারাতে পারে কংগ্রেস। রাজ্যটির ক্ষমতার পালবদলে আঞ্চলিক দলগুলোই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে, যা তারা কখনোই ধারণা করতে পারেনি।   

ত্রিপুরা হারিয়ে পুরো ভারতে বামপন্থিদের দখলে এখন একটিমাত্র রাজ্য অবশিষ্ট আছে, তা হচ্ছে কেরালা।

ভারতের ২৯টি রাজ্যের মধ্যে ১৯টিতে ক্ষমতায় আছে বিজেপি। এখন বিজেপির এই অগ্রযাত্রা ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ছে। ওই অঞ্চলের সাতটি রাজ্যের মধ্যে তিনটি রাজ্য, আসাম, মনিপুর ও অরুণাচলে ইতোমধ্যে মধ্যে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হয়েছে; বাকী রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরাতে জয় ও নাগাল্যান্ডেও বিজেপি বা বিজেপি জোট ক্ষমতার দাবিদার হয়ে দাঁড়িয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় তিন রাজ্যের ভোটের ফলাফল বিজেপির অনুকূলে আসার মুখেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেছেন, “এই পথে পুরো উত্তর-পূর্বাঞ্চল এখন বিজেপির সঙ্গে আছে। প্রথমে আমরা বলেছিলাম ‘কংগ্রেস মুক্ত ভারত’, আমার ধারণা এখন ‘বামপন্থা মুক্ত ভারত’ও বলতে পারি।”

এসব নির্বাচনে বিজেপি উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক অবকাঠামো উন্নয়নের পুরস্কার তুলে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে রেলপথ ও সড়কপথ উন্নয়নে ব্যাপক প্রকল্প গ্রহণ করেছে বিজেপি।

এর পাশাপাশি বিজেপির মতাদর্শিক অভিভাবক আরএসএস তাদের ‘ব্যাপক জনসংযোগ’ উদ্যোগের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের জনতাকে বিজেপির বিষয়ে সচেতন করে তুলতে সক্ষম হয়েছে।

ত্রিপুরায় বিজেপির আদিবাসী কৌশল 

ত্রিপুরায় বিজেপি ‘জায়ান্ট কিলার’ হিসেবে আভির্ভূত হয়েছে। রাজ্যটির স্থগিত একটি আসন ছাড়া বাকী ৫৯টি আসনের মধ্যে ৪৩টি জয় পেয়েছে বিজেপি, এক সময়ের প্রতিপত্তিশালী সিপিএম পেয়েছে মাত্র ১৬টি আসন।

এখানে ইনডিজিনাস পিপল’স ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) সঙ্গে জোট গড়েছে বিজেপি। এই জোটের মাধ্যমে রাজ্যটির আদিবাসী সম্প্রদায়গুলোর কাছে পৌঁছে গেছে বিজেপি, যারা জনসংখ্যার ৩১ শতাংশ। বিজেপির এই জোট একটি সফল নির্বাচনী কৌশল হিসেবে প্রমাণিত হয়েছে।

রাজ্যের বিশাল বেকারত্বের হারের বিষয়টি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে বামপন্থি সরকার। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে বিজেপি।

আদিবাসী এলাকাগুলোতে বাঁশ, বস্ত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। পাশাপাশি দলটি স্বশাসিত একটি রাজ্য পরিষদ তৈরি করে এর মাধ্যমে কেন্দ্র থেকে সরাসরি তহবিল ছাড় করানোর প্রতিশ্রুতি দিয়েছে।