নাগা বিদ্রোহী দমনে মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনা অভিযান
নাগা বিদ্রোহদের দমনে মিয়ানমারের সীমান্তে অভিযান চালানোর দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বুধবার সকালের এই অভিযানে বিদ্রোহী দল ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের সদস্যদের বহু হতাহত হয়েছে বলেও ভারতীয় সেনাবাহিনীর দাবি।
ভারতীয় সৈন্যরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম না করেই এই অভিযান চালায় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড টুইটারে পাতায় অভিযানের খবর দিয়ে বলা হয়েছে, সকালে বিদ্রোহীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।
“ব্যাপক হামলার মুখে বিদ্রোহীরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পালাতে থাকে।”
অভিযানে বহু বিদ্রোহী হতাহত হয়েছে বলে সেনাবাহিনীর দাবি। তবে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
নিজেদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও সেনাবাহিনী জানায়।
এর আগে ২০১৫ সালে মিয়ানমারের ভেতরে ঢুকে বিদ্রোহীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিল ভারতের সেনাবাহিনী।
তবে এবারের অভিযানের বিষয়ে বলা হয়, সৈন্যরা সীমানা অতিক্রম করেনি।
এই বিষয়ে নাগা বিদ্রোহীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মিয়ানমার সরকারের কোনো ভাষ্যও মেলেনি।
