২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধীর চেয়ে মোদীর নামের ‘কদর বেশি’!

সরকারি এক প্রতিষ্ঠানের ক‌্যালেন্ডার থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নরেন্দ্র মোদীর ছবি বসিয়ে এমনিতেই সমালোচনায় আছে বিজেপি সরকার; তার মধ‌্যে সেই পদক্ষেপকে সমর্থন করে নতুন করে বিতর্ক তৈরি করেছেন হরিয়ানার এক মন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 03:40 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদীর ছবি বসিয়ে নতুন বর্ষপঞ্জি ও দিনপঞ্জী সম্প্রতি প্রকাশ করে ভারতের খাদি ও গ্রাম শিল্প কমিশন (কেভিআইসি)।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ খাদি কাপড় পরতেন মহাত্মা গান্ধী। ঐতিহ্যগতভাবেই কেভিআইসির বর্ষপঞ্জীতে গান্ধীর ছবি ব্যবহার করা হত।

তা সরানোর পক্ষে কেভিআইসি কর্তৃপক্ষ যুক্তি দেখিয়েছে, মোদীও গ্রামভিত্তিক শিল্পের বড় সমর্থক। তিনি খাদি পোশাককে সাধারণের মধ্যে জনপ্রিয় করেছেন।

তাদের এই যুক্তি হালে পানি না পাওয়ার মধ‌্যে সমর্থন নিয়ে এগিয়ে এসেছেন হরিয়ানার স্বাস্থ‌্যমন্ত্রী ও রাজ‌্য বিজেপির নেতা অনীল বিজ।

শনিবার তাকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া বলেছে, “কেভিআইসি তাদের ২০১৭ সালের ক‌্যালেন্ডার ও ডায়েরিতে প্রধানমন্ত্রী মোদীর ছবি বসিয়ে বেশ ভাল করেছে।

“কেননা গান্ধীর চেয়ে এখন মোদীর ব্রান্ড নামের কদর বেশি। তাই তো মোদী আসার পর খাদি কাপড়ের বিক্রি ১৪ শতাংশ বেড়েছে।”

Image
হরিয়ানার স্বাস্থ‌্যমন্ত্রী ও রাজ‌্য বিজেপির নেতা অনীল বিজ

হরিয়ানার স্বাস্থ‌্যমন্ত্রী ও রাজ‌্য বিজেপির নেতা অনীল বিজ

এই বক্তব‌্যের পরপরই অনীল রাজনীতিকদের তীব্র বাক আক্রমণের মধ‌্যে পড়েছেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।

বিহারের নেতা লালুপ্রসাদ যাদক হরিয়ানার এই মন্ত্রীকে ‘নালায়েক’ বলেছেন; ভর্ৎসনা করেছেন অনেকেই।

বিরোধী দল কংগ্রেসের নেতা আর এস সূর্যাওয়ালা বলেছেন, “এমন মন্তব‌্য কেবল বিজেপির নেতা আর মন্ত্রীদের মুখেই সাজে।”

এই অবস্থায় দলও অনীলের পক্ষে দাঁড়াতে সাহসী হচ্ছে না।

বিজেপির নেতা শ্রীকান্ত শর্মা বলেছেন, অনীল বিজের এই বক্তব‌্যের তীব্র নিন্দা জানায় বিজেপি। এটা তার ব‌্যক্তিগত মত হতে পারে, কোনোভাবেই দলীয় মত নয়।”

হরিয়ানার মুখ‌্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও নিজকে বাঁচিয়ে বলেছেন, অনীলের ওই মত তার রাজ‌্য সরকার কিংবা দলের নয়।

পুরনো খবর:

ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীকে সরিয়ে মোদী!