ভারতে হুন্ডি চালানির বাথরুমে কোটি রুপি, ৩২ কেজি সোনা
ভারতের কর্নাটকে এক হুন্ডি ডিলারের বাথরুমের টাইলসের নিচ থেকে থেকে নতুন চালু হওয়া ২০০০ রুপির নোটে সাড়ে পাঁচ কোটি রুপি, ৩২ কেজি সোনা ও বাতিল পুরনো নোটে ৯০ লাখ রুপির সমপরিমাণ অর্থ উদ্ধার করেছে দেশটির আয়কর বিভাগ।
শুক্রবার কর্নাটকের চাল্লাকেরে শহর থেকে এসব জব্দ করা হয় বলে এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এনডিটিভির অনলাইন সংস্করণে বলা হয়, দুনীর্তি ও কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর কালো টাকার মজুদদারদের বিরুদ্ধে অভিযান চালানোর অংশ হিসেবে হুন্ডি চালানির বাড়ি থেকে এসব অপ্রদর্শিত সম্পদ উদ্ধার করা হয়।
ওই হুন্ডি ডিলারের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বলে জানায় তারা।
আয়কর বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, প্রচুর পরিমাণে নগদ অর্থ রয়েছে বলে গোয়েন্দা তথ্যের পর ওই বাড়িতে অভিযানে যায় আয়কর বিভাগের লোকজন।
অভিযানের সময় বাড়িটির একটি বাথরুমের বেসিনের ওপরের অংশের টাইলস করা দেয়ালের ভেতর হঠাৎ সুকৌশলে লুকানো একটি স্টিলের সিন্দুক পায় অনুসন্ধানী কুকুরের দল।
বাথরুমের ওই সিন্দুকে নগদ অর্থের মধ্যে নতুন চালু হওয়া ২০০০ রুপির নোটে মোট ৫.৭ কোটি রুপি, ২৮ কেজি স্বর্ণ বার ও চার কেজি স্বর্ণের অলংকার পাওয়া যায়।
