২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন-মৃত‌্যুর সন্ধিক্ষণে জয়ললিতা

রাজ‌্যের গণ্ডির মধ‌্যে থেকেই যারা ভারতের কেন্দ্রীয় রাজনীতির কলকাঠি নাড়তে সক্ষম, তাদের একজন জয়ললিতা জয়রাম এখন জীবন সঙ্কটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 09:52 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

গত তিন মাস ধরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ‌্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এই রাজ‌্যটির মুখ‌্যমন্ত্রী জয়ললিতা।

সোমবার সন্ধ‌্যায় তার অবস্থার অবনতি ঘটলে কয়েকটি টেলিভিশনে তার মৃত‌্যুর খবরও প্রচার হয়ে গিয়েছিল বলে ভারতের ইন্টারনেট সংবাদপত্রগুলো জানায়।

জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাঘম (এআইডিএমকে) এর দপ্তরে দলীয় পতাকা অর্ধনমিতও করে ফেলা হয়েছিল তখন।

কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষ একে গুজব বলে উড়িয়ে দিয়ে জানায়, ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন ৬৮ বছর বয়সী এই রাজনীতিক। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

অভিনেত্রী থেকে জননেত্রীতে পরিণত হওয়া জয়ললিতার জন‌্য প্রার্থনা করছেন তামিলনাড়ুবাসী, যাদের কাছে তিনি ‘আম্মা’ হিসেবেই পরিচিত।  

দেশটির অন‌্য রাজ‌্যসহ কেন্দ্রীয় রাজনীতিকরাও তামিলনাড়ুর চার বারের মুখ‌্যমন্ত্রীর আরোগ‌্য কামনা করছেন; যদিও চিকিৎসকদের কথায় খুব একটা ভরসা মিলছে না।

Image
জয়ললিতা, তামিলনাড়ুতে তিনি আম্মা নামেই পরিচিত- রয়টার্স

জয়ললিতা, তামিলনাড়ুতে তিনি আম্মা নামেই পরিচিত- রয়টার্স

গত ২২ সেপ্টেম্বর জয়ললিতা হাসপাতালে ভর্তি হলে প্রথমে জানানো হয়েছিল, তার জ্বর ও পানিশূন‌্যতা হয়েছে। পরে চিকিৎসকরা তার ফুসফুসে সংক্রমণ ও শ্বাস নিতে সমস‌্যা হওয়ার কথা জানান।

এর কয়েক সপ্তাহ পর তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানানো হয়। গত শনিবারও এআইডিএমকের পক্ষ থেকে বলা হয়েছিল, মুখ‌্যমন্ত্রী পুরোপুরি সেরে উঠেছেন। এখন চিকিৎসকরা বলবেন, কখন তিনি ঘরে ফিরবেন।

তার দুদিনের মাথায় তার ‘কার্ডিয়াক অ‌্যারেস্টের’ পর মৃত‌্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

তার পরিপ্রেক্ষিতে অ‌্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানায়, মুখ‌্যমন্ত্রী ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন, চিকিৎকসরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাকে।

অ‌্যাপোলো হাসপাতালের সঙ্গে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের একদল চিকিৎসকও প্রভাবশালী এই রাজনীতিকের চিকিৎসায় যোগ দিয়েছেন।

“তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। তবে আমরা নিশ্চিত করছি, তাকে বাঁচিয়ে রাখতে চেষ্টারর সবটুকু করছি আমরা,” সাংবাদিকদের বলেন ওই হাসপাতালের ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বেলে।

কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও হাসপাতালে জয়ললিতাকে দেখে এসে তার সার্বিক অবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন।

মৃত‌্যুর যে খবরটি টেলিভিশনে প্রচার হয়, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয় হাসপাতালটির বিবৃতিতে।

Image
জয়ললিতার ছবি হাতে তার সমর্থকরা- ছবি: রয়টার্স

জয়ললিতার ছবি হাতে তার সমর্থকরা- ছবি: রয়টার্স

হাসপাতালটির বাইরে ইতোমধ‌্যে জয়ললিতার সমর্থকরা ভিড় করেছেন। তাদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের খবরও দিয়েছে সংবাদ মাধ‌্যম।

এআইডিএমকের মুখপাত্র সি আর সরস্বতী সাংবাদিকদের বলেন, “আমরা সমর্থকদের বলছি, আপনারা ধৈর্য হারাবেন না। স্রষ্টা আম্মার সঙ্গে আছেন। তিনি সেরে উঠবেন।”

নেত্রীর অসুস্থতার খবরে লোকসভায় এআইডিএমকের ৩৭ সদস্যের অধিকাংশই নয়া দিল্লি থেকে চেন্নাইয়ে হাজির হয়েছেন।

৫৪৫ আসনের লোকসভায় তামিলনাড়ুর এই আঞ্চলিক দলটির আসন সংখ‌্যা এত কম হলেও গত দুই দশক ধরে কেন্দ্রে সরকার গঠনে নির্ণায়ক হিসেবে কাজ করছেন জয়ললিতা।

ভারতের রাজনীতিতে অন‌্যতম শক্তিশালী নারী হিসেবেও পরিচিত জয়ললিতা। গত শতকের ৮০ এর দশকে রাজনীতিতে পা রাখার পর নানা উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলছেন তিনি।

একবার মুখ‌্যমন্ত্রিত্ব করার পরের বার গো-হারা হেরে যাওয়ার পরও তা থেকেই পুনরায় উঠে আসার নজির রেখেছেন তিনি। দুর্নীতির অভিযোগে দণ্ড নিয়েও লড়াই ছাড়েননি তিনি।

Image
জয়ললিতা, তখন অভিনেত্রী থেকে সবে রাজনীতিতে

জয়ললিতা, তখন অভিনেত্রী থেকে সবে রাজনীতিতে

অভিনেতা থেকে ভারতের সমৃদ্ধ রাজ‌্য তামিলনাড়ুর মুখ‌্যমন্ত্রী হওয়া এম জি রামাচন্দ্রনের হাত ধরে রাজনীতিতে আসেন শতাধিক চলচ্চিত্রের অভিনেত্রী জয়ললিতা।

তার পর তাকে বন্ধুর পথ পাড়ি দিতে হয়। ১৯৮৭ সালে রামাচন্দ্রন মারা যাওয়ার পর দলের কর্তৃত্ব নেন তিনি। তবে বাধা আসে রামাচন্দ্রনের স্ত্রী জানকি রামাচন্দ্রনের কাছ থেকে। তবে শেষমেষ জয় জয়ললিতারই হয়, দলের প্রতীক ‘জোড়া পাতা’ দখলে রাখতে পারেন তিনি।

এরপর নির্বাচনে নামিলনাড়ুর রাজ‌্য বিধান সভায় প্রথম নারী হিসেবে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন জয়ললিতা।

তখন ১৯৮৯ সালে একটি ঘটনা ঘটেছিল, যা তাকে মুখ‌্যমন্ত্রী হতে অনমনীয় করে তোলে বলে বিশ্লেষকরা বলেন।

ওই বছরের ২৫ মার্চ বিধান সভায় ক্ষমতাসীন ডিএমকে এবং বিরোধী এআইডিএমকের সদস‌্যদের মধ‌্যে তুমুল হট্টগোল হয়, তখন হেনস্তার স্বীকার হন বিরোধীদলীয় নেতা জয়ললিতা।

ছেড়া শাড়ি, উশকোখুশকো চুল আর রক্তাভ মুখ নিয়ে সাংবাদিকদের সামনে এসে তিনি তখন বলেছিলেন, মুখ‌্যমন্ত্রী হয়ে না আসতে পারলে তিনি আর বিধান সভায়ই ঢুকবেন না।

তার দুই বছরের মধ‌্যে প্রথম মুখ‌্যমন্ত্রী হন জয়ললিতা এবং সেটাই শেষ নয়, এরপর কয়েকবার শপথ নিয়ে এখনও ওই চেয়ারে তিনি।