‘লাশের মাঝে কেবল বেঁচে ছিলাম আমিই’
‘সব লাশের মাঝে কেবল আমিই বেঁচে ছিলাম’- ভারতে কানপুরের ট্রেন দুর্ঘটনার কবলে পড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনায় হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের একথাই বলছিলেন ২৬ বছর বয়সী তরুণ উত্তম কুমার।
উত্তর প্রদেশের কানপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যাওয়া বগির মধ্যে আটকা পড়েছিলেন উত্তম কুমার।
তিন ঘণ্টারও বেশি সময় বিধ্বস্ত একটি কামরায় আটকে ছিলেন তিনি। অপেক্ষায় ছিলেন কেউ তাকে বাঁচাবে। চিৎকার করে জানাচ্ছিলেন বাড়ির ফোন নাম্বার। আর সে নাম্বারই স্থানীয় অধিবাসীরা শুনে ফেলায় উত্তম শেষ রক্ষা পান।
তাকে যখন উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তখন সেখানে বাকি সবই ছিল মৃতদেহ।
সে অভিজ্ঞতারই বর্ণনায় সংবাদিকদের উত্তম বলেন, “আমি যেখানে আটকা পড়ে ছিলাম সেখানে বগির কিছু অংশ কেটে উদ্ধারকর্মীরা আমাকে বের করে আনে। এরপর মনে পড়ছে, আমাকে তোলা হয় পাশে দাঁড় করিয়ে রাখা অ্যাম্বুলেন্সে। সেখানে সব লাশের মধ্যে একমাত্র আমিই ছিলাম জীবিত।”
রোববার স্থানীয় সময় ভোর ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইন ছেড়ে বেরিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ট্রেনের অধিকাংশ যাত্রী তখন ঘুমাচ্ছিলেন।
এখন পর্যন্ত ১৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিল।
ধ্বংসাবশেষের নিচ থেকে উত্তম চিৎকার করে ফোন নাম্বার জানানোয় স্থানীয়দের সহায়তায় তাকে চট করেই খুঁজে পায় তার পরিবার।
উত্তম বলেন, “লোকজন আমার চিৎকার শুনতে পেয়েছিল। কিন্তু আমি যে বগিতে আটকা পড়েছিলাম সেটি অন্য একটি বগির নিচে চাপা পড়ে থাকার তারা আমাকে বের করতে পারছিল না। তাই আমি জোরে জোরে চিৎকার করে বাড়ির ফোন নম্বর বলতে থাকি, যদি কেউ শুনতে পায় এই আশায়।”
উত্তমের মাথায় ও পিঠে আঘাত লেগেছে। তার সঙ্গে তার ৭৫ বছর বয়সী পিতামহ ছিলেন, যাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
পাটনার বাসিন্দা বানিজ্যের শিক্ষার্থী উত্তম পিতামহকে নিয়ে উজ্জয়িনীর একটি মন্দির ভ্রমণে গিয়েছিলেন।
উত্তম বলেন, “জানিনা দাদুর কী অবস্থা। তিনি আমার পাশের আসনেই ছিলেন। তার নাম বেঁচে যাওয়া বা মৃত কোনও তালিকাতেই নেই। কেউ তার সম্পর্কে কিছু বলতে পারছে না।”
