২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের গুলিতে ভারতীয় সৈন‌্য নিহতের খবর

ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সৈন‌্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ‌্যমগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:24 AM

Updated : 20 Aug 2022, 02:18 PM

ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, রোববার রাতে রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে। সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনারা গুলি করলে চারজন হতাহত হন।

ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড এক টুইটে বলেছে, “তাদের গুলির জবাব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও উপযুক্ত জবাব দেওয়া হবে।”

এ নিয়ে পাকিস্তান ২৪ ঘণ্টার মধ‌্যে তিন দফা যুদ্ধবিরতি ভঙ্গ করল বলে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ।

এর আগে শনিবার নওশেরা ও সুন্দরবানি এলাকায় সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনারা ভারতের সীমান্ত চৌকি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে মর্টার হামলা ও গুলি চালালে এক বিএসএফ জওয়ান এবং এক নারী আহত হন বলে এনডিটিভির খবরে জানানো হয়।

আর বৃহস্পতিবার জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সীমান্ত চৌকি ও গ্রাম লক্ষ‌্য করে হামলা চালায় বলে ভারতীয় গণমাধ‌্যমের তথ‌্য।

এনডিটিভি লিখেছে, গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তান সীমান্তের ভেতরে ভারতীয় বাহিনীর ‘সার্জিকাল স্ট্রাইকের’ পর থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি হামলার ২৮৬টি ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।