২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের দীর্ঘ লাইনে মোদীর মা

ভারতে গত ছয়দিন ধরে নতুন রুপির নোটের জন্য হাহাকারের মধ্যে এবার ব্যাঙ্কে টাকা বদলের দীর্ঘ লাইনে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেনও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 09:30 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

গুজরাটের গান্ধীনগরের একটি ব্যাংকের সামনে লাইন ধরে অপেক্ষা করে বাতিল ঘোষিত রুপির নোটের পরিবর্তে নতুন নোট নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মা হিসাবে বিশেষ কোনও সুবিধা পাননি হিরাবেন।

এনডিটিভি জানায়, মঙ্গলবার স্বজনদের সহায়তায় ৯৫ বছর বয়সী হিরাবেন হুইলচেয়ারে করে তার বাড়ির কাছের একটি ব্যক্তিমালিকানাধীন ব্যাংকে যান।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হিরাবেন হুইলচেয়ারে বসে অপেক্ষা করছেন। এরপর স্বজনদের সহায়তায় তিনি হেঁটে ব্যাংকের ভেতরে যান এবং পুরাতন ৫০০ রুপির নয়টি নোট পরিবর্তন করে নতুন নোটে সাড়ে চার হাজার রুপি নেন।

একটি ছবিতে নতুন ২০০০ রুপির নোট হাতে তাকে দেখা যায়। গণমাধ্যমকর্মীরা জড়ো হয়ে যাওয়ায় তিনি দ্রুত ব্যাংক থেকে চলে যান।

ছোট ছেলে পঙ্কজ মোদীর সঙ্গে গুজরাট বসবাস করেন হিরাবেন।

এক সপ্তাহ আগে দুর্নীতি দমন ও কালো টাকার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে টেলিভিশনে এক ভাষণে রুপির সবচেয়ে বড় দুইটি নোট (৫০০ ও ১০০০) অচল ঘোষণা করেন মোদী।

তারপর টানা ষষ্ঠ দিনের মত ভারত জুড়ে ব্যাংক ও এটিএম বুথগুলোর সামনে লাখ লাখ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সরকারের বেঁধে দেওয়া সীমার মধ্যে অচল পুরাতন নোট পরিবর্তন করে নতুন নোট সংগ্রহ করছে।

প্রয়োজনীয় নতুন নোট সংগ্রহের প্রক্রিয়ায় জনগণকে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার উত্তরপ্রদেশে এক ভাষণে মোদী বলেন, “জনগণকে যে ভোগান্তির মধ্যদিয়ে যেতে হচ্ছে তা আমার জন্য সত্যিই কষ্টদায়ক। এ পরিস্থিতি থেকে জনগণকে বের করে আনতে আমি নিরলসভাবে কাজ করছি।”

গত পাঁচ দিনে সাড়ে চার হাজার কোটি মার্কিন ডলারের বেশি সমমূল্যের পুরাতন নোট ব্যাংকে জমা পড়েছে বলে জানিয়ে স্থানীয় গণমাধ্যম।