আফগানিস্তানে মার্কিন বিমানঘাঁটিতে ‘বিস্ফোরণ’
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণে অন্ততপক্ষে চারজন নিহত হয়েছেন। এটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচে বড় সামরিক ঘাঁটি।
বিবিসি বলছে, এই বিস্ফোরণে অন্ততপক্ষে ১৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় জেলা গভর্নর হাজি শোকর জানিয়েছেন।
তালেবান গোষ্ঠী দাবি করেছে, তাদের একজন আত্মঘাতী সদস্য এই হামলা চালিয়েছেন।
রাজধানী কাবুলের কাছে ওই ঘাঁটিতে ধারাবাহিকভাবেই হামলা চলছে।
বাগরামে প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে মানুষেরা জড়ো হয়েছিলেন। এ সময়েই বিমানঘাঁটিতে এই হামলা চালানো হল।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কমান্ডার জেনারেল জন ডব্লিও নিকলসন এক বিবৃতিতে বলেন,
“আজকের হামলায় যারা আহত হয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের আশ্বস্ত করছি, তারা সম্ভাব্য সবচে ভালো পরিচর্যা পাচ্ছেন। আমরা আজ থেকেই তাদেরকে আমাদের ভাবনার অংশ করে নেবো।”
তবে হতাহতদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, বিস্ফোরণে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।
