২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জনের মৃত্যু

পাকিস্তানের করাচির লান্ডি রেলস্টেশনে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্ততপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬৫ জন আহত হয়েছে বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 11:07 AM

Updated : 12 Apr 2022, 03:13 AM

বৃহস্পতিবার সকালে জাকারিয়া এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে থাকা ফরিদ এক্সপ্রেসকে আঘাত করলে হতাহতের এই ঘটনা ঘটে বলে ‘দ্য ডন’ জানিয়েছে।

বিভাগীয় রেলওয়ে সুপারিনন্টেডেন্ট নাসির নাজির বলেন, এই সংঘর্ষের কোনও কারণ এখনও জানা সম্ভব হয়নি। উদ্ধার অভিযানই এখন অগ্রাধিকার।

জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) প্রশাসনিক কর্মকর্তারা এর আগে হাসপাতালের মর্গে ১৭টি লাশ নিয়ে আসা কথা জানান এবং ইদি ফাউন্ডেশনের ফয়সাল ইদি ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন।

দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, দুটি ট্রেনই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ট্রেনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। ট্রেনের ধাতব অংশ কেটে ভেতর থেকে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। আহতদের কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।