আফগানিস্তানে অপহৃত ৩০ ব্যক্তিকে হত্যা
আফগানিস্তানের ঘোর প্রদেশে ৩০ জন ব্যক্তিকে অপহরণের পর হত্যা করেছে ইসলামি স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা।
বিবিসি বলছে, প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, পাহাড়ি অঞ্চল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করার সময় ওই ব্যক্তিদের অপহরণ করে জঙ্গিরা।
স্থানীয় মানুষেরা তাদের উদ্ধারের চেষ্টা চালানোর মধ্যেই অপহৃত ওই ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়।
আইএসের একজন কমান্ডারও এ সময় নিহত হন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
আফগানিস্তানে কিছুটা সমর্থন পাচ্ছে আইএস। কোনো কোনো অঞ্চলে এই জঙ্গিগোষ্ঠীটি অপর উগ্রপন্থি তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
