২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে মমতার সমালোচনা করে বিপাকে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেইসবুক বন্ধুদের সঙ্গে বিতর্কে জড়িয়ে বিপাকে পড়েছেন কলকাতার ২১ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 02:20 PM

Updated : 12 Apr 2022, 03:06 AM

শুক্রবার ওই ছাত্রী ফেইসবুকে দেবী দুর্গাকে নিয়ে কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রীর মিছিলের সমালোচনা করেন।

রোববার দমদম এলাকায় ওই ছাত্রীর ছবি, নাম-পরিচয় ও পোস্ট করা বক্তব্যসহ রাস্তার পাশে একটি বড় ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। ছাত্রীটি এই দমদম এলাকায়ই বসবাস করেন।

ব্যানারের নিচে ‘৮ নং ওয়ার্ড নাগরিক বৃন্দের’ নামে মোটা হরফে লেখা হয়, “আপনার facebook এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীকে নিয়ে কুরুচিকর মন্তব্য কে জানাই তীব্র ধিক্কার।”

এর মধ্যে ‘জানাই তীব্র ধিক্কার’ অংশটি অন্যান্য অংশগুলোর তুলনায় বড় করে লেখা হয়, ‍যা সহজেই চোখে পড়ে।

এতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ব্যানারটি হাজার হাজার মানুষ দেখবে শুধু এই কারণেই না, আতঙ্কের কারণ ওই ব্যানারের পাশাপাশি তিনি হুমকিও পেয়েছেন।

তিনি জানিয়েছেন, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ আছে এমন স্থানীয় নারীদের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে।

ব্যানারটি যারা টাঙিয়েছেন সেই ‘নাগরিক বৃন্দ’ জানিয়েছেন, ওই ছাত্রীর যেমন মমতাকে সমালোচনা করার অধিকার আছে, অন্যদেরও প্রকাশ্যে ওই ছাত্রীর বক্তব্যের নিন্দা করার সমান অধিকার আছে। 

দেবী দুর্গার মূর্তি নিয়ে কলকাতার রাস্তায় মমতার মিছিলকে যখন ব্রাজিলের রিও ডি জেনিরোর কার্নিভালের সঙ্গে তুলনা করা হচ্ছে, তখন নিজের ফেইসবুক পোস্টে ওই ছাত্রী এই মিছিলের সমালোচনা করে পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ যখন বেকারত্ব ও দারিদ্রের সঙ্গে লড়াই করছে তখন এই ধরনের নজির খারাপ উদাহরণ।

তার কিছু ফেইসবুক বন্ধু তার সঙ্গে একমত হন, অন্যরা ভিন্নমত পোষণ করেন। 

কিন্তু এই পোস্টের কারণে তাকে এ ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে তা কল্পনাও করেননি ওই ছাত্রী।