২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 02:06 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

সোমবার ভোর ৬টার দিকে পাঞ্জাবের রহিম ইয়ার খান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে দুজন কর্মকর্তার বরাতে পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, খানপুর এলাকায় ঘটা এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় পড়া বাসদুটি কেটে হতাহতদের বের করে আনা হয়েছে বলে জানিয়েছেন রহিম ইয়ার খান পুলিশের মুখপাত্র আরশাদ নেওয়াজ।

এদের একটি করাচি থেকে লাহোরে যাচ্ছিল, অপরটি পাঞ্জাবের ফয়সালাবাদ থেকে সিদ্দিকাবাদে যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি। 

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক হাসান ইকবাল।

আহতদের রহিম ইয়ার খান ও খানপুরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।