২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরের ভিমবার সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি

ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার দুপাশ থেকে দুপক্ষের মধ্যে ফের গোলাগুলি হওয়ায় ভারত-পাকিস্তান সীমান্তে সৃষ্ট উত্তেজনা অব্যাহত আছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 03:28 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

মঙ্গলবার ভোর ৪টা থেকে কাশ্মিরের ভিমবার সেক্টরে দুপক্ষের মধ্যে ফের গোলাগুলি হয় বলে জানিয়েছে দ্য ডন।

পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় বাহিনী ‘বিনা উস্কানিতে’ গুলি বর্ষণ করায় নিয়ন্ত্রণ রেখার ভিমবার সেক্টরে দুপক্ষের মধ্যে দুই ঘন্টা ধরে গুলিবিনিময় হয়েছে। 

আইএসপিআর বলেছে, “ভিমবার সেক্টরের বাঘসার, ব্রহ ও খাঞ্জার এলাকায় বিনা উস্কানিতে ভারতীয় বাহিনীর চালানো গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা।” 

তবে দুই ঘ্ন্টা ধরে গুলি বিনিময় হলেও এতে দুপক্ষের কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

সোমবারও নিয়ন্ত্রণ রেখার আজাদ কাশ্মির অংশের তিনটি সেক্টর নেজাপির, কাইলের ও ইফতিখারাবাদে দুপক্ষের মধ্যে পৃথক তিনটি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। 

১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে ভারতীয় সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে চালানো বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা শুরু হয়।

ভারতের অভিযোগ, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা এ হামলার সঙ্গে জড়িত। অপরদিকে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে।

এরপর থেকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের মধ্যে প্রায়ই গুলি বিনিময় হচ্ছে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানি অংশে সন্ত্রাসীদের ঘাঁটিতে ‘সার্জিক্যাল হামলা’ চালানো হয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান ভারতের দাবি অস্বীকার করে।

কিন্তু এরপর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। নতুন আরেকটি যুদ্ধের আশঙ্কায় ভারতের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে।