পাকিস্তানি নৌকাসহ ৯ ‘জেলেকে’ আটক করেছে ভারত
গুজরাট উপকূলের আরব সাগর থেকে ৯ জন জেলেসহ একটি পাকিস্তানি নৌকা আটক করেছে ভারতীয় উপকূল রক্ষীরা।
দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনের বরাতে সোমবার এ খবর জানিয়েছে দ্য ডন।
এতে বলা হয়েছে, ভারতীয় উপকূল রক্ষীদের জাহাজ সমুদ্র পাবক রোববার সকাল সোয়া ১০টার দিকে জেলেসহ পাকিস্তানি নৌকাটি আটক করে।
আটক ক্রুরা জেলে বলে প্রাথমিক তদন্তের বরাতে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উইং কমান্ডার অভিষেক মাতিমান এক বিবৃতিতে বলেছেন, “প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ওই ক্রুরা পাকিস্তানি জেলে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে আরো অধিক তদন্তের জন্য ওই ক্রুদেরসহ নৌকাটি পোরবন্দরে পাহারা দিয়ে রাখা হয়েছে।”
ডন জানিয়েছে, পাকিস্তানি জেলেদের ফোরাম এ ঘটনা নিশ্চিত করার বিষয়ে আগ্রহ দেখায়নি।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের কথিত ‘সার্জিক্যাল হামলার’ পর থেকে গুজরাটের এক হাজার ৬০০ কিলোমিটার উপকূলজুড়ে নজরদারি জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
রাতদিন চলা এ নজরদারিতে ভারতীয় উপকূল রক্ষীদের জাহাজ ও বিমানগুলো একযোগে কাজ করছে।
গেল সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সামরিক ঘাঁটিতে এক সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হন।
এরপর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের অবস্থানগুলোতে ‘সার্জিক্যাল হামলা’ চালানো হয়েছে বলে দাবি করে ভারতীয় সামরিক বাহিনী। এ ‘হামলায়’ সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসসহ বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে দাবিতে বলা হয়।
অপরদিকে ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে তাদের নিয়ন্ত্রিত অংশে দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও ‘সার্জিক্যাল হামলার’ দাবি অস্বীকার করে পাকিস্তান।
এদিকে রোববার রাত সাড়ে ১০টার দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারমুলা সামরিক ঘাঁটিতে ফের সন্ত্রাসী হামলায় এক ভারতীয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন।
