২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে হামলায় জড়িতরা রেহাই পাবে না: মোদী

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, হামলায় জড়িতরা রেহাই পাবে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Sep 2016, 06:34 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

রোববার ভোররাতে ওই হামলার পর এক টুইট বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

হামলায় অন্তত ১৭ ভারতীয় সেনা নিহত ও ৩৫ জন আহত হয়। পাল্টা অভিযানে নিহত হয় চার জঙ্গিও।

টুইটে মোদী এ হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে এর তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “আমি জাতিকে আশ্বস্ত করে বলতে চাই, হামলায় জড়িতদের কেউ রেহাই পাবে না।”

২০১৪ সাল থেকে কাশ্মিরের উত্তরাঞ্চলে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ চালানো হামলাগুলোর মধ‌্যে এ হামলাটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, চারজন ‘ফিদায়িন’ (আত্মঘাতী) উরির ওই ঘাঁটিতে অনুপ্রবেশ করে হামলা চালায়, ছয় ঘন্টার ধরে চলা লড়াইয়ে তারা সবাই নিহত হয়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং  এ হামলায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করলেও তা উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া রয়টার্সকে বলেন, “কোনও ধরনের তদন্ত ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এমন তাৎক্ষণিক অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি।”

হামলার দায় কেউ স্বীকার করেনি। রাজনাথ সিং বলছেন, হামলাকারীরা ছিল উচ্চ-প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের প্রচুর অস্ত্রশস্ত্র ছিল।

উরির সেনা ঘাঁটিটি রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে । হামলার পর নিয়ন্ত্রণ-রেখা বন্ধ রয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে গত প্রায় দু-মাস ধরে সহিংস বিক্ষোভ চলছে এবং এতে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এর আগে কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরে ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া এক স্কুল ছাত্রের মৃতদেহ পাওয়া যাওয়ার পর রাজ্য জুড়ে কারফিউ জারির মধ্যেও লোকজন বিক্ষোভ করেছে।

কাশ্মিরে সম্প্রতি এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গুলি করে হত্যার পর সেখানে ভারতীয় শাসনের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়।