কাশ্মিরে সেনাঘাঁটিতে হামলা, নিহত ১৭
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় অন্তত ১৭ ভারতীয় সেনা নিহত হয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, রোববার ভোররাতে কাশ্মিরের উরি এলাকার এ ঘটনায় হামলাকারী চার ‘বিচ্ছিন্নতাবাদীও’ নিহত হয়েছেন।
২০১৪ সাল থেকে কাশ্মিরের উত্তরাঞ্চলে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চারজন ‘ফিদায়িন’ (আত্মঘাতী) উরির ওই ঘাঁটিতে অনুপ্রবেশ করে হামলা চালায়, ছয় ঘন্টার ধরে চলা লড়াইয়ে তারা সবাই নিহত হয়েছেন।
সেনা সূত্রগুলো জানিয়েছে, ওই ঘাঁটিতে তল্লাশি চালানো হচ্ছে। হামলায় আহতদের হেলিকপ্টার যোগে ১০০ কিলোমিটার দূরে শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্মকর্তারা জানান, ভোর ৪টার দিকে আত্মঘাতী হামলাকারীদের ওই দলটি গোপনে ঘাঁটিতিতে প্রবেশ করে প্রশাসনিক এলাকায় পৌঁছে যায়।
প্রকাশিত ভিডিওতে শ্রীনগর-মুজাফ্ফারাবাদ মহাসড়কের পাশের ওই ঘাঁটিটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। কয়েকটি সেনা ব্যারাকে আগুন ধরে গেছে এবং সেখান থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গেছে।
ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রোববার বিকেলে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন।
এক ট্যুইটে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর বাতিল করার কথা জানিয়েছেন তিনি। রোববার এই সফর শুরু হওয়ার কথা ছিল।
চলতি বছরের জানুয়ারিতে এ ধরনের অপর একটি ঘটনায় ভারতীয় সামরিক বাহিনীর সাত সদস্য নিহত হয়েছিলেন। ভারতীয় সীমান্ত অতিক্রম করে আসা ছয় অনুপ্রবেশকারী পাঞ্জাবের উচ্চ নিরাপত্তায় ঘেরা পাঠানকোট বিমান ঘাঁটিতে প্রবেশ করে নির্বিচার গুলিবর্ষণ শুরু করে। তিন দিন ধরে তাণ্ডব চালানোর পর সেনা অভিযানে ওই ছয় হামলাকারীও নিহত হন।
