মোদীর জন্মদিনে রেকর্ডের প্রত্যাশায় ভারত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৬তম জন্মবার্ষিকীতে গিনেজ বুকের কয়েকটি রেকর্ড নতুন করে লেখার আশা করছে ভারত সরকার।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নরেন্দ্র মোদী ২০১৪ সালের মে মাসে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
শনিবার জন্মদিনে মোদী নিজের রাজ্য গুজরাটে ১১ হাজার প্রতিবন্ধীর মধ্যে বিভিন্ন সহায়ক সরঞ্জাম ও এইড বিতরণ করবেন। সংখ্যার দিক দিয়ে এটা গিনেজ রেকর্ড হবে বলে ভারতীয় গণমাধ্যমের তথ্য।
এদিন হুইলচেয়ারে বসা সর্বোচ্চ সংখ্যক লোকের সমাবেশ ঘটিয়ে নকশা আঁকার ক্ষেত্রে আরেকটি রেকর্ড হবে আশা করছেন আয়োজকরা। বর্তমান রেকর্ডটি যুক্তরাষ্ট্রের। ২০১০ সালে সেখানে হুইলচেয়ারে অংশ নিয়েছিলেন ৩৪৬ জন প্রতিবন্ধী।
মোদীর জন্মদিন উদযাপন কমিটির একজন কর্মকর্তা ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন, ওই রেকর্ড ভাঙার চেষ্টায় শনিবার তাদের সঙ্গে থাকবেন এক হাজার প্রতিবন্ধী।
এক অনুষ্ঠানে এক হাজার শ্রবণ প্রতিবন্ধীর মাঝে হেয়ারিং এইড বিতরণ করে আরেকটি রেকর্ড নিজেদের করে নিতে চান ভারতীয় কর্মকর্তারা। এ বিষয়ে বর্তমান গিনেজ রেকর্ডটি অস্ট্রেলিয়ার।
ভারত সরকারের প্রতিবন্ধী ক্ষমতায়ন বিভাগের যুগ্ম সচিব অবনিশ কুমার অবস্তি ইকনোমিক টাইমসকে বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং তাদের মানসিকতায় পরিবর্তন আনার চেষ্টা থেকেই নতুন রেকর্ড গড়ার এই আয়োজন।
আর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের এসব আয়োজনে অংশ নিতে তিনটি জরিপের মাধ্যমে ১১ হাজার প্রতিবন্ধীকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক প্রতিবন্ধীকে সহায়ক সরঞ্জাম ও এইড বিতরণের রেকর্ড গড়তে এর আগে জানুয়ারিতেও আরেক দফা চেষ্টা চালিয়েছিল ভারত। সেবার ১০ হাজার ২০০ জনকে সরঞ্জাম বিতরণও করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠান যেভাবে ভিডিও করা হয়েছিল তা নিয়ে গিনেজ কর্তৃপক্ষ আপত্তি তোলায় স্বীকৃতি আর মেলেনি।
ইকোনমিক টাইমস লিখেছে, এবার ভারত সরকার আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তাই প্রতিটি আয়োজন যাতে গিনেজের নিয়ম অনুযায়ী ভিডিও করা হয়, সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
