২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু-কাশ্মিরে পুলিশ-জঙ্গি সংঘর্ষ, এক পুলিশ নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের চারটি স্থানে পুলিশি অভিযানে এক পুলিশ সদস্য ও ৭ জঙ্গি নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 09:29 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

রোববারের ওই অভিযানগুলোতে আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

এর মধ্যে তাংধার, গুরেজ ও নওগ্রামে অভিযান পরিচালনার সময় জঙ্গিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়। এই তিন অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলগুলো থেকে চারটি এ কে ফোরটি-সেভেন রাইফেল ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে।

এছাড়া, এদিন পুঞ্চে এক দল জঙ্গির সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধ হয়েছে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়েছিল। এ অভিযানে তিন জঙ্গি নিহত হওয়া ছাড়াও এক পুলিশ সদস্য নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন।

চারটি অভিযানে অন্তত ২৫ জন গ্রামবাসী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসীদের দাবি, অভিযান পরিচালনার সময় স্থানীয় অনেক বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।

জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার জন্য শুক্রবার কয়েক হাজার সেনাকে কাশ্মির পাঠায় ভারত সরকার।

জুলাইয়ে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে দুই সহযোগীসহ নিহত হন জম্মু ও কাশ্মির রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের তরুণ কমান্ডার বুরহান মুজাফ্ফর ওয়ানি।

তারপর থেকে কাশ্মিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা দিন দিন গভীর সঙ্কটে রূপ নিচ্ছে।