২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড হামলা মামলায় মৃত্যুদণ্ড দিল মুম্বাই আদালত

ভারতে তিন বছর আগে একটি ব্যস্ত রেলওয়ে স্টেশনে এক নারীকে এসিড ছুড়ে মারার অভিযোগে চলা মামলায় আসামীকে মৃত্যুদণ্ডের সাজার মাইলফলক রায় দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 09:44 PM

Updated : 12 Apr 2022, 02:50 AM

হামলার শিকার হন প্রীতি রাথি নামের এক নারী। ২০১৩ সালে এ ঘটনার সময় তার বয়স ছিল ২৩ বছর। ভারতের নৌবাহিনীতে নার্স হিসাবে কাজ করতে দিল্লি থেকে মুম্বাইয়ে পৌঁছে ট্রেন থেকে নামার সময়ই এসিড ছুড়ে ঝলসে দেওয়া হয় তাকে।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রীতিকে এসিড ছুড়ে মারেন তারই প্রতিবেশী ২৫ বছর বয়সী আনকুর পানওয়ার। এ ঘটনার পর ফুসফুস এবং চোখে মারাত্মক জখমে ভুগে একমাস পরই মারা যান প্রীতি।

তার মৃত্যুর একমাস পর ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে এসিড বিক্রি নিয়ন্ত্রণ করার আদেশ জারি করে।

ভারতে এসিড হামলার মামলায় বেশির ভাগ আসামীরই উল্লেখযোগ্য কোনও সাজা হতে দেখা যায় না। সেদিক থেকে মুম্বাই আদালতের এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে।

গত মঙ্গলবার মামলার শুনানিতে খুনসহ অন্যান্য হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হন পানওয়ার। আদালতের রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছে বিবিসি।