কাবুলে ফের বোমা ও বন্দুক হামলায় নিহত ১
আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা কেয়ারের দপ্তরে চালানো এক হামলায় অন্ততপক্ষে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।
বিবিসি বলছে, কাবুলের শার-ই-নও এলাকায় কেয়ারের দপ্তরটিতে একটি গাড়িবোমা বিস্ফোরণের পর সশস্ত্র ব্যক্তিদের হামলার সময় গুলির শব্দ শোনা গেছে।
এই নিয়ে ২৪ ঘন্টায় কাবুলে পাঁচটি হামলা চালানো হলো। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করেছে।
সরকারি একজন মুখপাত্র জানিয়েছেন, কয়েক ঘন্টা ধরে চলা এ হামলায় ছয় বেসামরিক আহত হয়েছেন।
তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ বিদেশিসহ প্রায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি আফগান রাজধানীতে হামলা বাড়িয়েছে তালেবান।
সোমবার সারাদিন ধরে শহরটিতে ধারাবাহিক কয়েকটি বোমা হামলায় অন্ততপক্ষে ২৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন জেনারেল ও পুলিশের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা রয়েছেন।
তালেবান জানিয়েছে, তারা এসব হামলা চালিয়েছে।
এসব হামলার কারণে কাবুলের বেশ কয়েকটি অংশে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্কুল বন্ধ রাখা হয়েছে।
