২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরও ৯১ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 08:02 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

দেশটির গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল জানান, সোমবারের এ হামলায় নিহত ২৪ ও আহত ৯১ জনের মধ্যে বেসামরিক নাগরিকরাও রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, দূরনিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় হামলাটি ছিল আত্মঘাতী।

প্রথম বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে জড়ো হলে ভিড়ের মধ্যে দ্বিতীয় বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসি’কে বলেন, নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন জেনারেল ও পুলিশের শীর্ষ পর্যায়ের দুইজন কর্মকর্তা রয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির তালেবান জঙ্গিগোষ্ঠী প্রায়ই এ ধরণের হামলা চালিয়ে থাকে।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “আফগানিস্তানের শত্রু, যারা নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা হারিয়ে ফেলেছে তারাই এ হামলা চালিয়েছে।”