২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ইসলামি জঙ্গিবিরোধী এক অভিযানে  ছয়জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Aug 2016, 03:28 PM

Updated : 12 Apr 2022, 02:43 AM

রোববার রাতে দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে ছয় ‘সন্ত্রাসীর’ নিহত হওয়ার কথা জানায়।

খাইবার পাখতুনখোয়ার ওই এলাকায় প্রবেশে কর্তৃপক্ষ বিধিনিষেধ আরোপ করায় নিহতদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা যায়নি। 

গেল সপ্তায় পেশোয়ার থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত রাজগাল উপত্যকায় ভূমি ও আকাশ থেকে একযোগে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানে তালেবান ও এর মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ২০১৪ সালে শুরু হওয়া অভিযানের ধারাবাহিকতায় রাজগালে অভিযান চালানো হয়।

পাকিস্তানে কট্টরপন্থি ইসলামি আইন চালু করতে চায় এমন জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে কয়েক বছর ধরে লড়াই করছে দেশটি।

খাইবার পাখতুনখোয়া ও সংলগ্ন অঞ্চলে পাকিস্তানি বাহিনীর এ অভিযানে কিছু কিছু জঙ্গিগোষ্ঠী কয়েকটি বিচ্ছিন্ন ক্ষুদ্র এলাকার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। অন্যরা সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণহীন এলাকাগুলোতে পালিয়ে গেছে। 

তবে এরপরও জঙ্গিগোষ্ঠীগুলো দেশটিতে প্রাণঘাতী আক্রমণ চালানোর সক্ষমতা ধরে রেখেছে।

৮ অগাস্ট বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক হাসপাতালে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ২০১৪ সালে পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে হামলার পর থেকে এটিই দেশটিতে জঙ্গিদের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।