ভারতের সেই বিখ্যাত বাঘ মাছলি’র চিরবিদায়
'রানথাম্বোরের রানি' নামে পরিচিত ভারতের সেই বিখ্যাত বাঘ মাছলি মারা গেছে।
বিশ্বে এ বাঘটির ছবিই সবচেয়ে বেশিবার তোলা হয়েছে। ১৯ বছর বয়সে বাঘটি মারা যায় বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।
তার মুখের বামদিকে মাছ আকৃতির চিহ্ন ছিল। এমন দাগের জন্যই বাঘটিকে 'মাছলি' ( মাছের হিন্দি শব্দ) নামে ডাকা হত।
মাছলিকে নিয়ে প্রচুর তথ্যচিত্র প্রকাশ হয়েছে। ১৪ ফুট চওড়া একটা কুমিরের সঙ্গে তার লড়াইয়ের একটি প্রামাণ্যচিত্র দেখে দর্শকরা বিস্মিতও হয়েছিল।
সারা বছরজুড়ে হাজার হাজার পর্যটক রানথাম্বোর ন্যাশনাল পার্কে মাছলিকে দেখতে আসত। গত দশ বছর ধরে মাছলির কারণে পার্ক কর্তৃপক্ষ বছরে এক কোটি ডলারেরও বেশি আয় করেছে।
বিশ্বে মোট বাঘের অর্ধেকের চেয়েও বেশি বাস করে ভারতে। সর্বশেষ বাঘশুমারী অনুযায়ী, ভারতে ২ হাজার ২২৬টি বাঘ রয়েছে।
বেশ কিছুদিন ধরেই মাছলিকে অভুক্ত অবস্থায় দেখা গেছে। সারাদিন শুয়ে থাকত। গত পাঁচ দিন ধরে বাঘটি কিছুই খায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রানথাম্বোর ন্যাশনাল পার্ক এর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে মাছলি অনেক নির্জীব হয়ে গিয়েছিল। সে তার প্রায় সব দাঁত হারিয়ে ফেলেছিল। তার বয়স অনুসারে এটিই এ প্রজাতির বাঘের স্বাভাবিক মৃত্যু বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।
মাছলির মৃত্যু ভারতের গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রচার করেছে। মাছলি ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার প্রতি ভালোবাসা জানিয়েছে।
