২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার পানিতে ভেসে ভারতীয় ভূমিমাইন পাকিস্তানে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার সীমান্তবর্তী একটি গ্রামে বন্যার পানিতে ভেসে আসা উচ্চ ক্ষমতাসম্পন্ন ভারতীয় ট্যাঙ্ক-বিধ্বংসী একটি মাইন নিষ্ক্রিয় করেছে পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়কারী দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 11:10 AM

Updated : 12 Apr 2022, 02:38 AM

মঙ্গলবার শিয়ালকোটের পাসরুর এলাকার চাহোর-সাবজপির গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য ডন।

এ বিষয়ে শিয়ালকোট জেলা সমন্বয় কর্মকর্তা ড. আসিফ তুফায়েল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতীয় অংশ থেকে পাহাড়ি নালা ধরে নেমে আসা বন্যার পানির সঙ্গে ভূমিমাইন ভেসে আসছে। 

তিনি জানান, মঙ্গলবার নিষ্ক্রিয় করা মাইনটি ১০ কেজি ওজনের ছিল এবং স্থানীয় লোকজন মাইনটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এরপর শিয়ালকোট থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে মাইনটি নিষ্ক্রিয় করে। 

এই নিয়ে ওই এলাকায় গেল দুদিনে তিনটি ভারতীয় মাইন নিষ্ক্রিয় করা হল।

এর আগে সোমাবার জান্দিয়ালা-জাফরওয়াল এবং পিন্ডি দেওয়ানিয়ান গ্রামে বন্যার পানিতে ভেসে আসা দুটি ভারতীয় ভূমিমাইন পাওয়া গিয়েছিল।