মাওবাদী প্রচণ্ড ফের নেপালের প্রধানমন্ত্রী
নেপালের পার্লামেন্ট সাবেক মাওবাদী বিদ্রোহী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ডকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
ক্ষমতা গ্রহণের নয় মাসের মাথায় নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি পদত্যাগের এক সপ্তাহ পর প্রচণ্ড নতুন প্রধানমন্ত্রী হলেন।
মঙ্গলবার ৫৯৫ সদস্যের পার্লামেন্টে ৫৭৩ ভোটের মধ্যে ৩৬৩ ভোট পেয়ে প্রচণ্ড প্রধানমন্ত্রী নির্বাচিত হন বলে জানিয়েছেন স্পিকার ওনসারি ঘারতি।
প্রচণ্ড নেপালে রাজতন্ত্রের পতন ঘটাতে দশকব্যাপী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন।
১৯৯০ সালে নেপালে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর থেকে ২৬ বছরের মধ্যে প্রচণ্ড দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হলেন। এর আগে ২০০৮ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।
প্রচণ্ড ক্ষমতায় আসায় নেপালে আগের চেয়ে এবারের সরকার আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
গত কয়েক বছর ধরেই নেপালের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে আছে। পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী অলির পদত্যাগে দেশটির পুরো রাজনৈতিক পরিস্থিতিতে ফের অনিশ্চয়তা তৈরি হয়।
গেল অক্টোবরে সাবেক মাওবাদীদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করেছিলেন অলি। কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব চুক্তির প্রতি প্রধানমন্ত্রী সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন অভিযোগ তুলে তারা অলির পাশ থেকে সরে যায়। এরপর পার্লামেন্টে অলি বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব করে মাওবাদীরা। অলি এ ভোটের মুখোমুখি না হয়ে পদত্যাগ করেন।
এরপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে বুধবার গুরুত্বপূর্ণ অধিবেশনে বসে নেপালের পার্লামেন্ট। আর কোনও প্রার্থী না থাকায় প্রচণ্ডই প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
