২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে বিদেশি ঠিকাদারদের আবাসস্থলে তালেবান হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি ঠিকাদারদের আবাসস্থলে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 10:04 AM

Updated : 11 Oct 2022, 08:33 PM

স্থানীয় সময় সোমবার রাত ১টা ২৫ মিনিটের সময় বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ পুরো শহরে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি ঠিকাদারদের আবাসন কম্পাউন্ড নর্থ গেটে একটি ট্রাকবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেই শব্দই পুরো শহরজুড়ে শোনা গেছে।

তালেবান জানিয়েছে, তাদের বেশ কয়েকজন যোদ্ধা কম্পাউন্ডের ভিতরে ঢুকে লড়াই করছে।

বন্দুকযুদ্ধে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ। এ পর্যন্ত পাওয়া খবরে এক পুলিশ ও এক হামলাকারী জঙ্গি নিহত হয়েছেন বলে জানা গেছে। 

Image
কাবুলে ট্রাকবোমা বিস্ফোরণের স্থানটির কাছে পাহারারত আফগান পুলিশ সদস্যরা; ১ অগাস্ট, ২০১৬। রয়টার্স

কাবুলে ট্রাকবোমা বিস্ফোরণের স্থানটির কাছে পাহারারত আফগান পুলিশ সদস্যরা; ১ অগাস্ট, ২০১৬। রয়টার্স

বিবিসির কাবুল প্রতিনিধি অপর এক পুলিশ সদস্যের আহত হওয়ার কথা জানিয়েছেন।

তিন বছর আগেও নর্থ গেট কম্পাউন্ডে জঙ্গি হামলা হয়েছিল, তারপর থেকে কম্পাউন্ডটি কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে ছিল।

ট্রাক বিস্ফোরণের পর কাবুলের একটি অংশ কিছুক্ষণের জন্য বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।

স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ খান বলেন, “আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই বিস্ফোরণটি ঘটে। বিদ্যুৎও চলে যায়। বড় ধরনের বিস্ফোরণ ছিল ওটি। বেশ বড় ধরনের।”

গত সপ্তাহে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) দুই জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় কাবুলে ৮০ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছিল।