২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে গ্রেপ্তার ‘বিদেশি সন্ত্রাসী’ লাহোরের বাসিন্দা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে গ্রেপ্তার করা ‘বিদেশি সন্ত্রাসী’ পাকিস্তানের লাহোর শহরের বাসিন্দা বাহাদুর আলি বলে শনাক্ত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 01:55 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছিল এনডিটিভি।

ওই সময় এক ‘সন্ত্রাসীকে’ জীবিত গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন ওই সেনা কর্মকর্তা। গ্রেপ্তার ওই ব্যক্তিই বাহাদুর আলি বলে বুধবার জানিয়েছে এনডিটিভি।

বাহাদুর আলির আরেক নাম সাইফুল্লাহ। ২২ বছর বয়সী সাইফুল্লা লস্করের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

ভারতীয় নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে ২৩ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল ও দুটি পিস্তল উদ্ধারের কথাও জানিয়েছে।

এই নিয়ে  দুইমাসে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জেলাটি থেকে দ্বিতীয়বারের মতো একজন বিদেশি ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করা হল।

জম্মু ও কাশ্মিরের স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “একজন সন্ত্রাসীকে জীবিত ধরতে পারা বড় ধরনের সাফল্য। পাকিস্তানের সত্যতা সামনে চলে এসেছে।”

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, “এই গোলাগুলির ঘটনায় কাশ্মির উপত্যকার অস্থিরতার সুযোগ পাকিস্তান কীভাবে গ্রহণ করছে তা প্রমাণ হল।”

৮ জুলাই কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্য বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর উপত্যকাটিজুড়ে তীব্র গণঅসন্তোষ দেখা দেয়। প্রতিবাদরত জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্ততপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। 

কাশ্মিরের পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত না হলেও সান্ধ্য আইন তুলে নেওয়া হয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মঙ্গলবার অর্ধবেলা হরতাল আহ্বান করেছিল। হরতালের মধ্যে শ্রীনগরের কয়েকটি এলাকায় প্রতিবাদ মিছিল বের হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

দোকানপাট ও অন্যান্য প্রতিষ্ঠান প্রায় বন্ধই ছিল।