২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় লেখক অমিত চৌধুরীর বাসায় অনুষ্ঠানের পর কিশোর খুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় প্রখ্যাত লেখক অমিত চৌধুরীর বাসায় এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বের হওয়ার পর খুন হয়েছে এক কিশোর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 01:10 PM

Updated : 12 Apr 2022, 02:31 AM

শনিবার দক্ষিণ কলকাতার বিলাসবহুল এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গাড়ি রাখার জায়গায় এ খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। ছুরি অথবা ভাঙা বোতলের আঘাতে ওই কিশোরকে খুন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের ধারণা অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিরা মাতাল অবস্থায় মারামারিতে জড়ালে এ খুনের ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আবেশ দাশগুপ্ত। ১৭ বছর বয়সী আবেশ কোলকাতার শীর্ষস্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

এই খুনের ঘটনায় অপ্রাপ্তবয়স্ক সন্দেহভাজনরা জড়িত থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু জানাতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। 

আবেশ দাশগুপ্তের মা রিমঝিম সাংবাদিকদের বলেছেন, “এটি একটি পরিষ্কার ঘটনা। জন্মদিনের অনুষ্ঠানে যে কিশোররা উপস্থিত ছিল তাদের সবার নাম পুলিশের কাছে আছে। ওই কিশোরদের জিজ্ঞাসাবাদ করলেই সত্য বের হয়ে আসবে।”

অমিত চৌধুরীর কন্যার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছিলেন আবেশ। অমিত চৌধুরীই আবেশকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ডাক্তাররা আবেশকে মৃত ঘোষণা করে।

ছেলের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আবেশের মা।

তিনি বলেন, “সারাদিন এক সঙ্গে অনুষ্ঠানে থাকার পরও ওরা কেউ বলছে না কী হয়েছিল।”

গাড়ি রাখার জায়গায় সহজেই যাওয়া যায় বলে এ্রই হত্যাকাণ্ডের ঘটনা কেউ দেখেনি, এটি অসম্ভব বলে দাবি করেছেন তিনি। 

তিনি আরো বলেন, “এই বাচ্চাগুলো কী সত্য কথা বলতে পারে না? এই বাচ্চারা কী তাদের সব নীতিবোধ হারিয়ে ফেলেছে?

“এই ঘটনাটি লেখক অমিত চৌধুরীর বাড়িতে ঘটেছে। তিনি আমার বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেছেন। তার মতো ব্যক্তিত্বের কাছে আমি কী আশা করতে পারি? আমি আশা করছি, কী ঘটেছে তা বের করতে সহায়তা করবেন তিনি।”   

ওই একই ভবনে বাস করা সুপরিচিত ক্রিকেট বিশেষজ্ঞ কিশোর বিমানি এ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। সিসিটিভি ফুটেজের ভিডিও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।